ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ধারালো অস্ত্রসহ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুর-রায়পুর সড়কের সিকদার রাস্তার মাথা থেকে গতকাল শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, কিছু ব্যক্তি যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে জাকির হোসেন (২১), মো. মহসিন (১৯), আনোয়ার হোসেন (২৩), কামাল হোসেন (৩৪), মুরাদ হোসেন (২৪), সৈকত হোসেন (২২) ও মিজানুর রহমান ওরফে রাকিবকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি রামদা ও তিনটি ছেনি উদ্ধার করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় পুলিশ থানায় মামলা করেছে।