ডাকাতির বিরুদ্ধে মত বিনিময় সভায় সাবেক আইনমন্ত্রী মতিন খসরু
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ও চান্দলা ইউনিয়নে গত ১৫ দিনে বেশ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চক্র রাতে মাইক্রোবাসে এসে ডাকাতি করে। একই সঙ্গে নারীদের ওপর নির্যাতন চালায়। এমতাবস্থায় এলাকার অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষার্থে গতকাল শনিবার বিকেলে এক মতবিনিময় সভা করলেন কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ আবদুল মতিন খসরু। সাংসদের নিজ গ্রামের বাড়ির মিরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ আবদুল মতিন খসরু। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুর রউফ, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার জামিল আহমেদ, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী ও শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম। সভায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া, দেবীদ্বার, মুরাদনগর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।