ডাকাতির ভয়ে সন্ধ্যায় স্বর্ণের দোকান বন্ধ
ময়মনসিংহ শহরের দুটি সোনার দোকানে ডাকাতি ও একটিতে চুরি হওয়ার পর স্বর্ণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। লুট হওয়া সোনা ও গয়না উদ্ধার না হওয়ায় আতঙ্কিত ব্যবসায়ীরা সন্ধ্যা হলেই দোকান বন্ধ করে ফেলছেন।
ব্যবসায়ীরা জানান, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর ডাকাতেরা আলিম জুয়েলার্স নামের একটি দোকানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সবকিছু লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা দোকান ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে। ৬ অক্টোবর শহরের গাঙ্গিনারপার এলাকার এম হোসেন অ্যান্ড বাদ্রার্স নামের আরেকটি দোকানে একই কায়দায় ডাকাতি হয়। ওই সময় ডাকাতেরা দোকানের মালিক ও তিন কর্মচারীকে মারধর করে। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ১৫ নভেম্বর রাতে শহরের ট্রাংকপট্টি এলাকার অনিন্দ্য জুয়েলার্স নামের আরেকটি দোকানের টিনের চাল কেটে প্রায় সাড়ে আট লাখ টাকার সোনা চুরি করে দুর্বৃত্তরা।
এর পর থেকে ডাকাতির আতঙ্কে শহরের স্বর্ণ ব্যবসায়ীরা রাত নয়টার পরিবর্তে সন্ধ্যা হলেই দোকান বন্ধ করে ফেলেন।
এম হোসেন অ্যান্ড ব্রাদার্সের মালিক এম এ কবীর জানান, এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি। তাঁর দোকান থেকে প্রায় পৌনে দুই কোটির টাকার সোনা ও গয়না লুট হয়েছে। এ ঘটনার পরদিন তাঁর ছেলে এম এ কাইয়ুম বাদী হয়ে মামলা করেন। কিন্তু এখন পর্যন্ত সেগুলো উদ্ধার করা যায়নি। অন্য দুটি দোকানেরও একই অবস্থা।
ময়মনসিংহ স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চন্দন ঘোষ বলেন, ‘যেহেতু পুলিশ নিরাপত্তা দিতে পারছে না। তাই আমরা সন্ধ্যা থেকেই দোকান বন্ধ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি জানান, তিনটি ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। পরে মামলা তিনটি জেলা গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়।
জেলা গোয়েন্দ পুলিশের ওসি মাজেদুর রহমান বলেন, তিনটি মামলায় বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ডাকাতি হওয়া সোনা ও গয়না উদ্ধার করা সম্ভব হয়নি।
জেলা বণিক সমিতির সভাপতি ইকরামুল হক জানান, ব্যবসায়ীদের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।