ডাকাতির মামলায় ১০ জনের ১৭ বছর করে কারাদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি ডাকাতির মামলায় ১০ জনকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার সুনামগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মাহবুবুল আলম এ আদেশ দেন।মামলা থেকে জানা গেছে, ২০০২ সালের ২৬ সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রামের লন্ডনপ্রবাসী গৌছ আলীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা ৮৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন জগন্নাথপুর থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা করেন গৌছ আলী।দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল আদালত পৃথক দুটি ধারায় ১০ জন আসামিকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন শাহেনওয়াজ চৌধুরী, লুৎফুর রহমান, স্বপন মিয়া, আফাজ উদ্দিন, অলিউর রহমান, আতিকুর রহমান, মোশাহিদ, মুজিবুর রহমান, নছির মিয়া ও নবাব মিয়া। তাঁদের মধ্যে অলিউর ও নবাব পলাতক রয়েছেন। তাঁদের সবার বাড়ি জগন্নাথপুরের কুবাজপুর ও আছিমপুর গ্রামে।