ডাকাতির সোয়া কোটি টাকাসহ ছয়জনকে গ্রেপ্তারের দাবি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার নিট প্লাস লিমিটেড কারখানা থেকে ডাকাতি হওয়া ১ কোটি ১৭ লাখ টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার র্যাবের সদর দপ্তর থেকে পাঠানো এক
সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জানুয়ারি দিবাগত রাতে কালিয়াকৈরের মৌচাকের নিট প্লাস লিমিটেড গার্মেন্টস থেকে ৩ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকা ডাকাতি হয়। এরপর কালিয়াকৈর থানায় মামলা হয়। এরপর থেকে বিভিন্ন জায়গায় র্যাব-১-এর সদস্যরা অভিযান চালিয়ে খুলনার সোনাডাঙ্গা থানার সবুজবাগ গ্রামের মাহবুবুর রহমান ওরফে ফিরোজ (৫১), গোপালগঞ্জের খলিলুর রহমান রানা ওরফে রানা সরদার (৪০), উজ্জ্বল বিশ্বাস (৩৪), ঝালকাঠির রাজাপুর থানার বেলায়েত হোসেন আকন্দ (৪২), বরিশালের বাকেরগঞ্জের ইকবাল হোসেন ওরফে রুবেল (৩৭) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ফারুক হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, কারখানার লুট হওয়া টাকার মধ্যে ১ কোটি ১৭ লাখ টাকা ও ১১ মার্কিন ডলার উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতিকালে ভল্ট ভাঙার কাজে ব্যবহৃত দুটি শাবল, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, দুটি ছোরা, একটি চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।