ডাকাতির স্বর্ণালংকার কেনার অভিযোগে গ্রেপ্তার
গত বুধবার রাত আড়াইটায় টঙ্গী বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির স্বর্ণালংকার কেনার অভিযোগে টঙ্গী থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম মো. ইসমাইল হোসেন (২৬)। পুলিশ সূত্রে জানা যায়, সমপ্রতি টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার তৃষ্ণা জুয়েলার্সে ডাকাতি হওয়া ১২০ ভরি স্বর্ণালংকার টঙ্গী বাজারের মনোয়ারা মাকের্টের মইন স্টোরসহ একাধিক দোকানমালিক কেনেন বলে থানা পুলিশ জানতে পারে। টঙ্গী মডেল থানার পুলিশ ও র্যাব-১-এর একটি দল স্বর্ণ ব্যবসায়ী মো. ইসমাইল হোসেনকে আমজাত আলী গার্লস স্কুল রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। একই ঘটনায় চেরাগ আলী শমসের উদ্দিন মার্কেটের হিমেল এন্টারপ্রাইজের একটি মাইক্রোবাসের চালক ফয়েজকে আটক করা হয়েছে। এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় টঙ্গী বাজার স্বর্ণশিল্প সমিতির সভাপতি মো. আলাউদ্দিনের নেতৃত্বে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা পৌর মেয়র আজমত উল্লাহ খানের বাড়ির সামনে পুলিশি হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেন এবং অবিলম্বে গ্রেপ্তার হওয়া স্বর্ণ ব্যবসায়ী মো. ইসমাইল হোসেনকে ছেড়ে দেওয়ার দাবি জানান। বিক্ষোভ চলাকালে স্বর্ণ ব্যবসায়ীরা জানান, তৃষ্ণা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় টঙ্গী মডেল থানার পুলিশ স্বর্ণশিল্প সমিতির সদস্যদের সন্দেহ করে তালিকা তৈরি করেছে। এতে স্বর্ণশিল্প সমিতির সব ব্যবসায়ীর মনে আতঙ্ক বিরাজ করছে। টঙ্গী মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, তৃষ্ণা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় জড়িত টঙ্গীর আউচপাড়ার মো. কামাল (ওরফে বাইট্টা কামাল) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ডাকাতির সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।