ডাকাতির স্বর্ণালংকারসহ গয়নার দোকানের মালিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে নান্টু পাল (৩২) নামের জুয়েলার্সের এক মালিককে ডাকাতির স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির মামলায় রিমান্ডে থাকা যুবদল নেতার তথ্যের ভিত্তিতে নান্টুকে গতকাল রোববার গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গতকাল রোববার সুধারাম (সদর) থানার ওসি মীর জাহেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ শহরের বিশ্বনাথ এলাকার অনিক শিল্পালয় থেকে নান্টুকে গ্রেপ্তার করে। এ সময় নান্টুর কাছ থেকে এর আগে ডাকাতির ঘটনায় লুট হওয়া সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের জয়নাল আবদিনের ছেলে ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাদের ওরফে আরমান (৩৪) উপস্থিত ছিলেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই নান্টুকে ওই স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান বলেন, কাদের দীর্ঘদিন ধরে রাজনীতির আড়ালে আরমান নাম দিয়ে সংঘবদ্ধ একটি ডাকাত দল পরিচালনা করছিলেন। গত ৪ মে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের চর উড়িয়া গ্রামের একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া একাধিক সন্দেহভাজন ডাকাতের স্বীকারোক্তিতে তাঁর আরমান নামটি বেরিয়ে আসে। এরপর ২১ জুলাই সোনাপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একপর্যায়ে কাদের নিজের নাম আরমান ও ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন।