ডাকাতিয়া নদীতে পাকা সেতু নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার মরকটা এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর ওপর পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সেখানে স্থানীয় এক ব্যক্তির উদ্যোগে লোহার সেতু নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেতুটি খুব সরু। এতে সেটির ওপর দিয়ে চলাচল করতে গিয়ে দুই উপজেলার কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

সরেজমিনে সেতু এলাকায় বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকাতিয়া নদীর পশ্চিম পারে নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের পিপড্যা ও খাড়ঘর গ্রাম। পূর্বপাড়ে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা গ্রাম। একসময় ওই দুই গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর ওপর বাঁশের সেতু ছিল। ২০০৫ সালের ২ ডিসেম্বর চৌদ্দগ্রাম উপজেলার মরকটা গ্রামের চাল ব্যবসায়ী আবদুল আজিজ মজুমদার প্রায় সাড়ে সাত লাখ টাকা খরচ করে ব্যক্তিগত উদ্যোগে লোহার পাত দিয়ে সেখানে একটি সেতু তৈরি করেন। ওই সেতুর দৈর্ঘ্য ৩০০ ফুট ও প্রস্থ ৫ ফুট। এ সেতুর ওপর দিয়ে নাঙ্গলকোট উপজেলার পিপড্যা, খাড়ঘর, দাসনাইপাড়া, শ্রীরামপুর, মাহিনী এবং চৌদ্দগ্রাম উপজেলার মরকটা, মাশকরা, চন্দ্রপুর, করপাটি, তারাশাইল, আতাগড়া ও কোমারডোগা গ্রামের বাসিন্দারা যাতায়াত করে।

সেতুর পারে কথা হয় মরকটা ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ও নাঙ্গলকোটের পিপড্যা গ্রামের বাসিন্দা মাজেদা আক্তারের সঙ্গে। ওই শিক্ষার্থী বলে, খুব কষ্ট করে সেতুর ওপর দিয়ে নদী পার হতে হয়। এখানে পাকা সেতু নির্মাণ করা দরকার।

পিপড্যা গ্রামের আবদুল মোতালেব বলেন, নাঙ্গলকোট উপজেলার অন্তত ৫০০ জন শিক্ষার্থী ক্লাস করতে মরকটার একটি স্কুল ও মাদ্রাসায় যায়। এখানে পাকা সেতু হওয়া দরকার। একই গ্রামের মুক্তিযোদ্ধা ওসমান গণি বলেন, ১১ বছর আগে করা এ সেতুর লোহার পাত নষ্ট হয়ে যাচ্ছে। এই সেতু দিয়ে এখন আর যানবাহন চলাচল করতে পারে না। আগে এই সেতুর ওপর দিয়ে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করত।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন কালু বলেন, নাঙ্গলকোটের পিপড্যা ও খাড়ঘর এলাকাটি চৌদ্দগ্রাম উপজেলার মরকটা এলাকার পাশে। সেখানে স্থায়ী সেতু করার জন্য প্রস্তাব দেওয়া হবে।