ডাকাতের আস্তানা সন্দেহে ইটভাটার অফিস ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিংয়ের পাশে কোনাবাড়ী ব্রিকস নামের একটি ইটভাটায় এলাকাবাসী ডাকাতের আস্তানা সন্দেহে গত বুধবার রাতে ঘেরাও করে। পরে পুলিশ ওই ইটভাটা থেকে তিনজনকে আটক করে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাখালী এলাকার কোনাবাড়ি ইটভাটার অফিসের ভেতর ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন একটি খবর এলাকাবাসী মোবাইল ফোনের মাধ্যমে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই ইটভাটায় গিয়ে ইটভাটার অফিসকক্ষ ভেতর থেকে বন্ধ পায়।পরে পুলিশ ওই ইটভাটার অফিসকক্ষ খুলতে বললে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে আশপাশের এলাকার শত শত গ্রামবাসী ওই ইটভাটায় এসে ঘেরাও করে রাখে। একপর্যায়ে পুলিশের চাপের মুখে ইটভাটার অফিসকক্ষ খুলে দিলে ভেতরে ইটভাটার ম্যানেজার আবদুস সহিদ, সহকারী ম্যানেজার মোকামেঞ্চল হোসেন ও নিরাপত্তাকর্মী আপেলকে পুলিশ আটক করে। কিন্তু ওই অফিসের ভেতর অন্য কোনো লোক পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার সকালে ইটভাটার মালিক সিরাজুল ইসলাম থানায় এসে আটককৃত ওই তিনজনকে নিয়ে যায়। কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম জানান, তারা ডাকাত নয় এবং ওই ইটভাটায় ডাকাতের আস্তানার কোনো আলামত পাওয়া যায়নি। এলাকাবাসী ভুল বুঝে ওই ইটভাটায় ঘেরাও করেছিল।