ডাকাতের উৎপাত ও পুলিশের হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে ‘নৌযাত্রী ও নৌনিরাপত্তা-সংক্রান্ত সভায়’ বক্তারা বলেছেন, ভৈরব ও হাওরাঞ্চলের নৌপথে যাতায়াতকারী ব্যবসায়ীরা লুটপাটের হাত থেকে বাঁচতে ডাকাতদের বিকাশ করে টাকা পাঠাচ্ছেন। পুলিশও তাঁদের হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় এক রোটারি ক্লাবে গতকাল রোববার দুপুরে এ বৈঠক হয়। পূর্ব বিভাগ নৌ-পুলিশ এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পুলিশ পূর্ব বিভাগের পুলিশ সুপার মো. আবদুল মান্নান।
ভৈরব ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি রিয়াজ আহমেদ মারুকী এবং ইটভাটা মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, ডাকাতদের কবল থেকে রক্ষা পাওয়ার সুযোগ নেই। প্রতি মাসে বিকাশের মাধ্যমে ডাকাতদের নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে হয়। বাধ্য হয়ে ডাকাতদের সঙ্গে সমঝোতা করে চলতে হচ্ছে।
এ সভায় সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া। তিনি বলেন, মেঘনা নদীতে বসে ভাসমান জুয়ার আসর। প্রতিদিন সন্ধ্যার পর আশপাশের জেলা থেকে জুয়াড়িরা ভৈরবে আসেন। পরে লোহাঘাট থেকে তাঁদের নৌকায় করে মেঘনা নদীর মাঝে নিয়ে যাওয়া হয়। রাত ১১টার পর থেকে নদীতে জুয়া খেলা চলে। প্রতি রাতে ৮ থেকে ১০ লাখ টাকার লেনদেন হয়।
সায়দুল্লাহ আরও বলেন, ৫ জুন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মোহনায় ভৈরবের একটি ট্রলার আটকে ঘুষ দাবি করে পুলিশ। বিষয়টি তিনি জানার পর ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতা চান। ওসি সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেন। পরে ওই পুলিশ ওসির কাছেও মিষ্টি খাওয়ার টাকা দাবি করে।
ভৈরব কমিউনিটি পুলিশের সভাপতি হুমায়ুন কবির বলেন, পুলিশকে কিছু না দিয়ে নদীপথে চলাচল সম্ভব হয় না। নবীনগরের বাইশমোজা, বাজিতপুরের মাইজচর, সরাইলের রাজাপুর, ভৈরবের মেন্দিপুরে এই ঘটনা ঘটে বেশি।
উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব এস এম বাকী বিল্লাহ বলেন, ঈদে চাঁদাবাজেরা বেশি সক্রিয় হয়ে ওঠে। এখন সড়কপথের উন্নতি হলেও নদীপথের অবস্থা খারাপ। এ ছাড়া ভৈরব লঞ্চঘাটে এবং লঞ্চে যৌন হয়রানি ও মাদকসেবনের মাত্রা বেড়ে যাওয়ার কথা বলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা সিলেট জোনের সহসভাপতি মোস্তাফিজুর রহমান।
নৌ-পুলিশ পূর্ব বিভাগের পুলিশ সুপার বলেন, ২০০৪ সালের আগস্ট মাস থেকে নৌ-থানার কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শুরু হলেও নৌ-পুলিশ বিধি এখনো হয়নি। এ ছাড়া হাতে গোনা কিছু নৌযান ছাড়া বাকিগুলো অবৈধ। ট্রলার ও অন্য নৌযান রাতে চলার নিয়ম না থাকলেও চলছে। ফলে কিছু সমস্যা হচ্ছে। তিনি ভাসমান জুয়ার আসর ও ডাকাত প্রতিরোধে আরও জোরালো টহলের ব্যবস্থা করার আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র ফখরুল আলম, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মনসুর, র্যা ব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গৌতম দেব প্রমুখ।