ডাকাতের ককটেলে আহত চার, একজনকে গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার সময় সাতটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে চার গ্রামবাসী আহত হয়েছেন। এ সময় গ্রামবাসী এক ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। আবদুল্লাহপুর কদমপুরের ট্রাক ব্যবসায়ী ওবায়দুরের বাড়িতে মঙ্গলবার রাত দুইটার দিকে ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢোকে। নগদ দুই লাখ ২০ হাজার টাকা ও পৌনে আট ভরি গয়না লুট করে। ডাকাতেরা যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে একপর্যায়ে ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেলের আঘাতে রাজিব (২৪), জাহিদুল (২২), আরিফ (২৫) ও সজিব (২০) নামের চারজন আহত হন। পরে গ্রামবাসী নূর হোসেন ওরফে নূরা (৩৫) নামের এক ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে। ওবায়দুলের ভাই মমিন মিয়া জানান, রাত দুইটার দিকে ২০ থেকে ২৫ জনের সশস্ত্র ডাকাত দল বাড়ির প্রধান ফটক ভেঙে ঘরে ঢুকে তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়েকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে নগদ ২০ হাজার টাকা ও পৌনে এক ভরি ওজনের কানের দুল নিয়ে যায়। পরে ডাকাত দল তাদের দ্বিতীয় তলায় তাঁর ভাই ওবায়দুরের ঘরে ঢোকে। ডাকাতেরা ওবায়দুরের স্ত্রী (৩২) ও দুই মেয়েকে হাত-পা বেঁধে দুই লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ওই বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ডাকাত দলকে ধাওয়া করলে তারা গ্রামবাসীকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে চারজন আহত হন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক আফজাল হোসেন জানান, ‘কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন-চারজন আহত হওয়ার কথা শুনেছি।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় ওবায়দুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।