ডাকাতের কবলে কমলগঞ্জের ইউএনও
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি আটকিয়ে গত সোমবার রাতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বুধবার একজনকে আটক করেছে পুলিশ।
ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, সোমবার সন্ধ্যার পর তিনি ঢাকা থেকে কমলগঞ্জের উদ্দেশে রওনা দেন। ওই দিন দিবাগত রাত পৌনে দুইটার দিকে তিনি শ্রীমঙ্গলের বিটিআরআই বেলতলা এলাকায় পৌঁছান। এ সময় ১০-১২ জনের একদল ডাকাত পাকা আরসিসি পিলার রাস্তায় ফেলে তাঁর মাইক্রোবাসের গতিরোধ করে। পরে তারা গাড়ির চালককে বেঁধে ফেলে।
এরপর ডাকাতেরা তাঁকে (জাহিদুল) গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করে এবং দুটি মুঠোফোন, একটি মূল্যবান আংটি, ১৭ হাজার টাকা, একটি হাতঘড়ি ও কাপড়চোপড় লুটে নেয়। এ সময় তিনি ডাকাতদের ছুরির আঘাতে আহত হন। পরে রাতেই তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ঘটনাস্থল শ্রীমঙ্গল থানার অধীনে। তাই এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হবে। মামলা না হলেও ডাকাতদের গ্রেপ্তারে পুলিশি তদন্ত চলছে।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আশরাফুল আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আমিন আলী (৪০) নামের এক ডাকাতকে গতকাল বুধবার আটক করা হয়েছে।