ডাকাতের কবলে সাংসদ
নওগাঁ-৫ (সদর) আসনের ক্ষমতাসীন দলের সাংসদ মো. আবদুল মালেক গত বুধবার রাতে ডাকাতের কবলে পড়েন। ডাকাতেরা তাঁর গাড়ির চালককে মারধর করে এবং সাংসদের সঙ্গে থাকা নগদ টাকা ও তাঁর স্ত্রীর স্বর্ণালংকার লুটে নেয়। বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমহনী এলাকায় রাস্তায় গাছ ফেলে গণডাকাতির সময় সাংসদও ডাকাতির শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও এলাকার বাসিন্দারা জানান, রাত আনুমানিক ১০টায় চৌমহনী এলাকার লাল ব্রিজের কাছে সড়কে গাছ ফেলে গণডাকাতি শুরু করে ডাকাতেরা। এ সময় তিনটি ট্রাক ও নওগাঁ সদরের সাংসদের গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতেরা লুটপাট চালিয়ে পালিয়ে যায়।
ডাকাতির শিকার সাংসদ আবদুল মালেক মুঠোফোনে জানান, তিনি ঢাকা থেকে সপরিবারে নওগাঁ যাওয়ার পথে ওই স্থানে ডাকাতের কবলে পড়েন। ডাকাতেরা তাঁর গাড়ির জানালার কাচ ভেঙে তাঁর স্ত্রীর গলায় ছুরি ধরে তাঁদের সঙ্গে থাকা চার হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। গাড়ির চালক বাধা দিলে ডাকাতেরা তাঁকে মারপিট করে।
দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেঞ্চদ জানান, সাংসদ রাতেই বগুড়া পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। পুলিশ সুপারের কাছ থেকে তাঁরা ঘটনাটি জেনেছেন। ডাকাতদের আটকের চেষ্টা চলছে।