ডাকাতের কোপে শিশু নিহত, সড়ক অবরোধ
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের ধলাগাছ মোড় এলাকায় ডাকাতের রামদার কোপে রবিউল ইসলাম ফকির (১২) নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছে। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনার পরপরই আশপাশের গ্রামের লোকজন সড়কটি চার ঘণ্টা অবরোধ করে রাখে।সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার পল্লিচিকিৎসক ওবায়দুল ইসলাম জানান, তিনি প্রতিদিনের মতো চেম্বার বন্ধ করে মোটরসাইকেলে উপজেলার সোনাখুলী তহশিলদারপাড়ায় তাঁর বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তাঁর ছেলে রাজু আহমেদ (২৪)।মোটরসাইকেলের তিন আরোহীর মাঝে বসে ছিল ওবায়দুলের চেম্বারের শিশু কর্মচারী রবিউল ইসলাম ফকির। ধলাগাছ মোড়ের কাছে রামদা হাতে এক ডাকাত মোটরসাইকেলটির গতিরোধ করে। এ সময় রবিউল চিৎকার করে ওঠে। ডাকাত রামদা দিয়ে কোপ দেয়। তখন চালক রাজু মাথা কাত করলে কোপ পড়ে রবিউলের কাঁধে। পরে ডাকাত পাশের ধানখেত দিয়ে দ্রুত পালিয়ে যায়। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রবিউল।ওবায়দুল আরও জানান, ঘটনার পরপরই আশপাশের গ্রামের মানুষ ছুটে এসে সড়ক অবরোধ করে। এ কারণে বাইপাস সড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। অবরোধকারীরা বাইপাস সড়কে অবিলম্বে পুলিশ বক্স স্থাপনের দাবি জানান। রাত দেড়টার দিকে সৈয়দপুর সার্কেলের এএসপি উজ্জ্বল কুমার রায় ও উপজেলা চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমানের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় গ্রামবাসী।সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, ঘটনাটি পূর্বশত্রুতার জের বলে মনে হচ্ছে। ঘাতক হয়তো চিকিৎসক অথবা তাঁর সন্তানকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু ধারালো অস্ত্রের আঘাত রবিউলের ওপর পড়ায় তার মৃত্যু হয়। রবিউল সোনাখুলী তহশিলদারপাড়ার মৃত ধুপা উদ্দিনের ছেলে।