ডাকাতের গুলিতে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলায় ডাকাতের ছোড়া গুলিতে গত মঙ্গলবার দুজন গুলিবিদ্ধসহ নয়জন গ্রামবাসী আহত হয়েছেন। এ সময় জনতা আবদুল্লাহ আল মামুন (৩০) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে। পরে পুলিশ আটটি গুলিসহ একটি থ্রি নট থ্রি কাটা রাইফেল উদ্ধার করে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, মঙ্গলবার রাত একটার দিকে বুকাবুনিয়া ইউনিয়নের বাটাজোর গ্রামের আফজাল আকনের বাড়িতে ১০-১২ জনের সশস্ত্র একদল ডাকাত ঢুকে লুটপাট শুরু করে। এ সময় আফজাল আকন ও তাঁর পরিবারের সদস্যদের বেঁধে মারধর করতে থাকলে তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় ডাকাত দলের সদস্যরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। গুলিতে মজিবুল হক (৪৫) ও ইব্রাহিম খলিল গুলিবিদ্ধ হন। আহত হন মতিউর রহমান, ইউনুস, আফজাল হোসেন, সাইদুল, মোশারেফ, ফারুক ও হাসান নামে আরও সাতজন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে ডাকাত দল ও গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর ডাকাতেরা পিছু হটে। এ সময় গ্রামবাসী আবদুল্লাহ আল মামুন নামে এক ডাকাতকে অস্ত্র ও গুলিসহ ধরে ফেলে। রাত তিনটার দিকে বামনা থানার একদল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় এবং আটক আবদুল্লাহ আল মামুনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বামনা থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ গতকাল জানান, আটক ডাকাত আবদুল্লাহ আল মামুনের বাড়ি চট্টগ্রামের হালিশহর এলাকায়। এ ব্যাপারে অস্ত্র আইনে ও ডাকাতির ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।