ডাকাতের গুলিতে একজনের মৃত্যু গণপিটুনিতে দুই ডাকাত নিহত
কক্সবাজারের টেকনাফে ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। কুমিল্লার চান্দিনায় গণপিটুনিতে নিহত হয়েছে দুই ডাকাত। নরসিংদীর শিবপুরে ডাকাতের হামলায় আটজন বাসযাত্রী আহত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর, নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখায় অস্ত্রশস্ত্রসহ ১৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:টেকনাফ (কক্সবাজার): শনিবার দিবাগত রাত দুুইটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামের ইলিয়াসের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা চালায়। এ সময় বাড়ির নুর আহমদ নামের এক ব্যক্তি এগিয়ে গেলে ডাকাতেরা তাঁকে কুপিয়ে জখম করে। বাড়ির লোকজনের চিৎকারে এলাকার লোকজন গিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় ১০-১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। গুলিতে বাড়ির পাশের সড়ক দিয়ে চলাচলকারী জিপের (চাঁন্দের গাড়ি) চালক টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়া গ্রামের সব্বির আহমদের পুত্র মো. ইউনুচ (২৫) নিহত হন।দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার নয়াকান্দি গ্রামের মোস্তফা কামালের ঘরে সিঁধকেটে শনিবার রাত দুইটার দিকে ডাকাতদল ভেতরে ঢুকে। এ সময় ঘরের লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেন। এতে অজ্ঞাত ওই দুই ডাকাত নিহত হয়।ভৈরব: কিশোরগঞ্জ-৩২ পরিবহনের একটি বাস শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলায় পৌঁছালে যাত্রীবেশী সাত-আটজন ডাকাত অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেয়। এরপর ডাকাতদের মারধর ও ছুরিকাঘাতে আটজন যাত্রী আহত হয়। তারা অল্প সময়ের মধ্যে যাত্রীদের টাকা, মুঠোফোন সেটসহ মালামাল নিয়ে কিছু দূরে গিয়ে নেমে যায়। পুলিশ বাসের চালক আলী আকবরকে গ্রেপ্তার করেছে।মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের কড়াইল গ্রামের আগছাওয়ালী রাস্তার মাথায় বসে শনিবার রাত দুইটার দিকে ১০-১২ জন সশস্ত্র ডাকাত পার্শ্ববর্তী ছাওয়ালী গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করতে গেলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের পাল্টা গুলিতে আরশাদ আলী নামের এক ডাকাত আহত হয়। পুলিশ আরশাদ আলী, সেলিম মিয়া ও ইমরান মিয়া নামের তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি এলজি, একটি বন্দুক, পাঁচটি গুলি, গ্রিল কাটার যন্ত্র ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।নোয়াখালী: শনিবার রাত একটার দিকে একটি অটোরিকশা নিয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় গেলে তাদের গতিবিধি দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। লোকজন তাদের ডাকাত সন্দেহে আটক করে অটোরিকশা তল্লাশি করে ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করে। আটক ব্যক্তিরা হলো মাহফুজ আলম, হকসাব মাসুদ, আবুল বাশার ও রহমত উল্ল্যা। তাঁদের কাছ থেকে একটি শাবল, একটি চাপাতি ও দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে।জুড়ী (মৌলভীবাজার): শনিবার রাত একটার দিকে একদল ডাকাত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই বাজার এলাকার প্রবাসী তারা মিয়ার বাড়িতে ডাকাতি করতে পাশের একটি নির্জন স্থানে বসে পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রথমে রিপন, জলিল ও জসিমকে গ্রেপ্তার করে। তাদের কাছে দা ও কুঠার পাওয়া গেছে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই দলের আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।জয়পুরহাটে দোকানে চুরিজয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট শহরের চিত্রা সড়কের একটি ফোন-ফ্যাক্সের দোকানে চুরি হয়েছে। রুমি নামের ওই দোকানের মালিক উমির উদ্দিন তালুকদার জানান, শনিবার রাত ১২টার দিকে তিনি দোকান বন্ধ করে চলে যান। গতকাল রোববার সকাল নয়টার দিকে দোকান খুলে তিনি দেখতে পান, টিনের চাল এবং লোহার গ্রিল কাটা।তিনি জানান, চোরেরা দোকান থেকে ৯০টি মুঠোফোন সেট, সাড়ে ৮০০ নগদ টাকা, ৪০টি মেমোরি কার্ডসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে।