ডাকাতের গুলিতে কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামে ডাকাতের গুলিতে ইস্তিয়াক হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ছাড়া কামাল উদ্দিন (৩২) নামের আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। একই রাতে ওই গ্রামের আরও কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।নিহত ইস্তিয়াক ওই গ্রামের মো. আকবরের ছেলে ও গুলিবিদ্ধ কামাল হোসেনের ভাতিজা। ইস্তিয়াক চাপরাশিরহাট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গুলিবিদ্ধ কামালকে রাতেই নোয়াখালী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ওই গ্রামের মো. হানিফ নামের এক ব্যক্তির পাকা ভবনের ফটক ভেঙে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ভেতরে ঢোকে। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে ৪২ হাজার টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় পাশের বাড়ির কামালসহ কয়েকজন ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করেন। এ সময় ডাকাতেরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ইস্তিয়াক ঘটনাস্থলেই মারা যান। একই রাতে ওই গ্রামের কামাল পাটোয়ারী এবং দানু পাটোয়ারী বাড়ির লোকজনকে জিম্মি ও মারধর করে ডাকাতেরা টাকাপয়সা লুট করে নিয়ে যায় বলেও জানিয়েছে গ্রামবাসী।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাসগুপ্ত গতকাল বিকেলে জানান, ময়নাতদন্তের জন্য ইস্তিয়াকের মরদেহ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।