ডাকাতের গুলিতে কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে গত সোমবার রাতে ডাকাতের গুলিতে শহিদুল খান (৩৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। শহিদুল ওই গ্রামের বাসিন্দা।
শহিদুলের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার রাত ১১টার দিকে ২০ থেকে ২২ জনের একদল সশস্ত্র ডাকাত শ্যালো ইঞ্জিনচালিত নৌকাযোগে হেলেঞ্চা গ্রামে যায়। এ সময় ডাকাতেরা বন্দুকসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই গ্রামের রফিক খানের গোয়ালঘর থেকে পাঁচটি গরু বের করে। এরপর তারা রফিক খানের ভাই শহিদুলেরর গোয়ালঘর থেকে আরও নয়টি গরু বের করে। পরে সেগুলো নৌকায় নিয়ে যাওয়ার সময় শহিদুল বাধা দেন। এ সময় ডাকাতেরা শহিদুলের মাথায় একটি গুলি করে। এতে ঘটনাস্থলেই শহিদুল মারা যান।
এদিকে গুলির শব্দ পেয়ে আশপাশের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকার শুনে গ্রামের লোকজন একত্র হয়ে ডাকাতদের ধাওয়া করেন। পরে ডাকাতেরা লুট করা গরু ফেলে দুটি ফাঁকা গুলি ছুড়ে নৌকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফজলুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, দুর্গম চরাঞ্চল হওয়ায় এসব এলাকায় প্রায়ই নৌকাযোগে গরু লুটের ঘটনা ঘটছে।
রফিক খান অভিযোগ করেন, ‘গরু লুটে বাধা দেওয়ায় ডাকাতেরা আমার ভাইকে গুলি করেছে।’
তবে ফুলছড়ি থানার ওসি মো. খায়রুল বাশার বলেন, পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।