ডাকাতের গুলিতে গরু ব্যবসায়ী নিহত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে নৌকার যাত্রীদের গুলি করে তাঁদের সর্বস্ব লুট করেছে ডাকাতেরা। ডাকাতের গুলিতে ঘটনাস্থলেই তোফাজ্জল হোসেন (৪৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শনিবার সন্ধ্যায় উপজেলার বোহাইল ইউনিয়নের যমুনা নদীর তারাকান্দি চরের কাছে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া হাটে গরু বিক্রি করে শনিবার সন্ধ্যায় নৌকায় করে বাড়ি ফিরছিলেন সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকার ১৫-২০ জন লোক। তারাকান্দির চরের কাছে পৌঁছালে অপর একটি নৌকায় করে আসা অস্ত্রধারী ডাকাতের দল ওই নৌকাটিতে হামলা চালায়। অস্ত্রের মুখে যাত্রীদের জিমিঞ্চ করে তারা সর্বস্ব লুট করে। এ সময় কয়েকজন যাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে ও মারধর করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী তোফাজ্জল হোসেন নিহত হন। তোফাজ্জল সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নের বরইকান্দি গ্রামের কানু মিয়ার ছেলে। ডাকাতের গুলি ও মারধরে আরও ১০ জন আহত হন। তাঁদের বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুল ইসলাম বলেন, সিরাজগঞ্জের কাজীপুর এলাকা থেকে আসা অস্ত্রধারী ডাকাতেরা ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় নিহতের সঙ্গী দুদু আকন্দ বাদী হয়ে থানায় মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ভারপ্রাপ্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে যমুনার চরে পুলিশি টহল জোরদারের পাশাপাশি ডাকাতদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।