ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর গ্রামে গত সোমবার রাতে এক বাড়িতে ডাকাতির সময় ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।কালীগঞ্জ থানার পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে ২৫-২৬ জনের ডাকাত দল সীমানাপ্রাচীর টপকে মুক্তারপুরের মুদি ব্যবসায়ী হারুন অর রশিদের বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের একজন হারুনের বড়ভাই মুক্তারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রশিদুল আলমকে প্রয়োজন আছে বলে ডাক দেন। তিনি দরজা খুললে ডাকাতেরা তাঁর ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে রশিদুলের স্ত্রীকে দিয়ে হারুনকে ডাক দেয়। হারুন দরজা খুললে ডাকাতেরা ঘরে ঢোকে। এ সময় হারুন বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ডাকাতেরা আলমারি থেকে নগদ ছয় লাখ টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে যায়।রশিদুল জানান, ডাকাতদের আচরণ ও কথাবার্তায় মনে হয়েছে, ওই টাকার কথা তারা জানত।গাজীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আউয়াল জানান, এ ঘটনায় মামলা হয়েছে।