ডাকাতের গুলিতে যুবলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত ধরতে গিয়ে ডাকাতের ছোড়া গুলিতে যুবলীগের নেতা মো. নজরুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর ইউনিয়নের পূর্ব হিলালপুর গ্রামে।
নজরুল ইসলাম মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার পূর্ব হিলালপুর গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব হিলালপুর গ্রামের নুরুল ইসলামের বাড়িতে সোমবার রাতে ১৪-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। বাড়িতে ডাকাত পড়ার বিষয়টি নুরুল ইসলাম প্রতিবেশী বাড়ির লোকজনকে মুঠোফোনে জানান। প্রতিবেশীরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। লোকজন জেগে ওঠার ঘটনা আঁচ করে ডাকাতেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নজরুল ইসলামসহ কয়েকজন ডাকাতদের ধাওয়া করেন। একপর্যায়ে নজরুল ইসলাম পেছন থেকে এক ডাকাতকে ধরে ফেলেন।
ডাকাতেরা নজরুল ইসলামের হাতে ও বুকে শটগানের গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ডাকাতের হামলায় নুরুন্নাহার বেগম নামে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।
ডাকাতেরা নুরুল ইসলামের ঘরের আলমারি ভেঙে ৫০ হাজার টাকা, ১২ ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন নিয়ে গেছে।
খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে গতকাল মঙ্গলবার নজরুল ইসলামের লাশের ময়নাতদন্ত হয়েছে।
স্থানীয় সালেহ এলাহী গতকাল প্রথম আলোকে বলেন, ‘রাত আনুমানিক আড়াইটার দিকে আমার পাশের বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়েছে। লোকজনের আওয়াজ শুনে আমি ঘরের বারান্দায় বেরিয়ে টর্চলাইট জ্বালাই। ডাকাতেরা রাস্তা থেকে চিৎকার করে গালি দিয়ে আমাকে টর্চ বন্ধ করতে বলে। আমি তৎক্ষণাৎ মডেল থানার ওসিকে ফোন দেওয়ার সময় গুলির আওয়াজ শুনতে পাই।’
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালেক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সম্ভবত নজরুল ইসলাম ডাকাতদের চিনতে পেরেছিলেন। এ জন্য তাঁর বুকে গুলি করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।