ডাকাতের চোখ উৎপাটন আরেকজন নিহত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করে পালানোর সময় তিন ডাকাতকে আটক করে পিটুনি দিয়েছেন গ্রামবাসী। এ সময় একজনের চোখ উৎপাটন করা হয়। পরে মোস্তফা ঘরামি (৪৭) নামের আহত অপর এক ডাকাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের সৌদিপ্রবাসী শাহ আলমের বাড়িতে গত শনিবার রাত আটটার দিকে সাত-আটজন সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা, ২১ ভরি স্বর্ণালংকার, দুটি ডিজিটাল ক্যামেরা ও পাঁচটি মুঠোফোন লুট করে। ডাকাতেরা চলে যাওয়ার পর শাহ আলমের ছেলে মো. রুবেলের চিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় ডাকাতেরা গ্রামবাসীকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হননি। একপর্যায়ে লোকজনের ধাওয়ায় ডাকাতেরা দক্ষিণ মিঠাখালী গ্রামের মানিক জমাদ্দারের বাড়ির সামনে ধানখেত দিয়ে পালানোর চেষ্টা করে।এ সময় গ্রামবাসী মোস্তফা ঘরামি (৪৭), নোমান গাজী (৩৫) ও শাহজাহান ফরাজি (৫৫) নামের তিন ডাকাতকে আটক করে পিটুনি দেন। এ সময় শাহজাহানের চোখ উৎপাটন করেন ক্ষুব্ধ লোকজন। আটক ডাকাতদের কাছ থেকে দুটি গুলিসহ একটি শাটারগান উদ্ধার করা হয়।খবর পেয়ে মঠবাড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ডাকাতকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গতকাল রোববার সকাল সাড়ে আটটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা মারা যান। চোখ ও মাথায় গুরুতর আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। আহত শাহজাহানের চোখ উপড়ে ফেলা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহত ডাকাতদের বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, মোস্তফা ও নোমানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব খান বলেন, ডাকাতির ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি এবং পুলিশ অস্ত্র আইনে পৃথক একটি মামলা করেছে। মোস্তফার লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।