ডাকাতের ছুরিকাঘাতে আহত মৎস্য ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর ভৈরব মোহনায় গত শনিবার রাতে ডাকাত দল ছুরিকাঘাত করে বিনোদ বর্মণ নামের এক মৎস্য ব্যবসায়ীকে নদীতে ফেলে দিয়েছে। গতকাল রোববার মেঘনা নদীতে দিনভর তল্লাশি চালিয়েও বিনোদ বর্মণের সন্ধান করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, শনিবার ভৈরবের নৈশ মৎস্য আড়তে মাছ বিক্রি করতে আসেন একই উপজেলার ছাতিয়ানতলার মৎস্য ব্যবসায়ীরা। মাছ বিক্রির টাকা নিয়ে তাঁরা রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের পলতাকান্দা ঘাট থেকে ট্রলারে ওঠেন। উদ্দেশ্য, গ্রামের বাড়ি ছাতিয়ানতলায় যাওয়া। ট্রলারটি কোদালকাটি এলাকায় পৌঁছামাত্র ডাকাতেরা অন্য একটি ট্রলারে এসে ডাকাতি শুরু করে।প্রথমে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে ডাকাতের দল। ছুরিকাঘাতে আহত হন ব্যবসায়ী সঞ্জয় বর্মণ (২৫), বিনোদ বর্মণ (২৭), মন্টু বর্মণ (২৫), নয়ন বর্মণ (২৮), পরিতোষ বর্মণ (২৪), হরবিন্দু বর্মণ (৪২), বিমল বর্মণ (২২), অজিত বর্মণ (৩২), অনীশ বর্মণ (২৮), রঞ্জিত বর্মণ (৬০), মিঠু বর্মণ (৪২) ও তপন বর্মণ (৪০)। প্রতিরোধের চেষ্টা করায় ডাকাতেরা সঞ্জয় ও বিনোদ বর্মণকে ছুরিকাঘাত করে নদীতে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই মুমূর্ষু অবস্থায় সঞ্জয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অন্যদের ভর্তি করা হয় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে। নিখোঁজ বিনোদ বর্মণের বাড়ি কুমিল্লার লাকসামে। তাঁর বাবার নাম প্রফুল্ল বর্মণ।এদিকে শনিবার রাতে ভৈরব পৌর শহরের ভৈরবপুর রফিকুল ইসলাম মহিলা কলেজ সড়কের একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল একটি ফ্ল্যাটের দুটি পরিবারের সবাইকে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়। এ ঘটনায় রাতেই ভৈরব থানায় মামলা হয়েছে।একই দিন ভৈরব থেকে ছেড়ে যাওয়া একই জেলার অষ্টগ্রামগামী একটি ট্রলারে ডাকাতি হয়েছে। ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের দুর্গাপুর-মাইজচর এলাকা অতিক্রম করার সময় ডাকাতির কবলে পড়ে।ট্রলারের মাঝি সুকেশ চন্দ্র দাস বলেন, ‘ট্রলারের মালিক হলেন সুধীর চন্দ্র দাস। অর্ধশত যাত্রী নিয়ে ভৈরব থেকে ট্রলারটি ছাড়ে। গন্তব্য ছিল অষ্টগ্রামের সাপান্তবাজার। রাত সাড়ে সাতটার দিকে ট্রলারটি দুর্গাপুর-মাইজচর এলাকায় পৌঁছায়। অপর একটি ট্রলার দিয়ে তিনজন মুখোশধারী এবং পাঁচজন মুখোশবিহীন অবস্থায় আমাদের ওপর আক্রমণ করে। তাদের আক্রমণে অপর দুই মাঝি ক্ষিতীশ চন্দ্র দাস ও রূপচান আহত হন। ডাকাতেরা নগদসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে ধানতলিয়া এলাকা দিয়ে পালিয়ে যায়।’ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, নিখোঁজ যাত্রীর সন্ধানে নদীতে তল্লাশি চলছে।