ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া এলাকায় গত রোববার রাতে গণডাকাতি হয়েছে। ওই সময় ডাকাতের ছুরিকাঘাতে আবদুল জব্বার (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বীরনুয়াকান্দি গ্রামে। ঘটনাস্থল থেকে পুলিশ রাতেই গাছের সঙ্গে বেঁধে রেখে যাওয়া ইদ্রিস আলী, হাদিউল মিয়া, হুমায়ুন কবির ও আল-আমিন নামের চারজনকে উদ্ধার করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, চরমান্দালিয়া গ্রামের মাস্টার বাড়িসংলগ্ন একটি সেতুর কাছে রাত ১১টা থেকে ডাকাতি শুরু হয়। ডাকাতেরা আট থেকে নয়জন পথচারীর কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়ে পাশের নির্জন স্থানে গাছের সঙ্গে তাঁদের বেঁধে রাখে। ডাকাতির শিকার লোকজনের চিত্কার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।গণডাকাতির শিকার আল-আমিন জানান, ডাকাতেরা তাঁদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে গাছের সঙ্গে তাঁদের বেঁধে রাখে। ডাকাতি চলার সময় সড়ক দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। গাড়ির আলো দেখে আবদুল জব্বার ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিত্কার শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে ডাকাতেরা জব্বারকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। তখন ডাকাতির শিকার লোকজনের চিত্কারে এলাকাবাসী এগিয়ে আসে। আহত জব্বারকে পরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।নিহত জব্বারের পরিবারের সদস্যরা জানায়, জব্বার মনোহরদী বাজারে মাছের ব্যবসা করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি ডাকাতের কবলে পড়েন।