ডাকাতের ভয়ে গ্রামছাড়া!
বেড়া উপজেলার নতুনভারেঙ্গা গ্রামের অবস্থান উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে। দেড় মাস ধরে গ্রামটিতে একের পর এক খুন, ডাকাতি ও চুরির ঘটনায় গ্রামবাসীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। চুরি-ডাকাতি ঠেকাতে গ্রামের বাসিন্দারা এখন দলবেঁধে রাতভর পাহারা দিচ্ছে। অনেকে গ্রাম থেকে পালাতে শুরু করেছে। সরেজমিনে জানা যায়, গ্রামে ডাকাতির প্রথম ঘটনা ঘটে ফেব্রুয়ারির মাঝামাঝি শামসুল আমিনের বাড়িতে। এরপর ঘটে আবদুল বাতেন, হাবিবর রহমান, আবদুল লতিফ ও আবদুল মজিদের বাড়িতে। এ ছাড়া দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে ২০ থেকে ২৫টি বাড়িতে। গত ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে আবদুল বাতেনের বাড়িতে ডাকাতি করতে গিয়ে ডাকাতেরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে গৃহকর্তা আবদুল বাতেনকে।ডাকাতের হাতে আবদুল বাতেনের নিহত হওয়ার পর থেকে গ্রামবাসী একত্র হয়ে সিদ্ধান্ত নেয় রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার। বর্তমানে গ্রামের লোকজন পালা করে আটটি দলে ভাগ হয়ে লাঠিসোঁটা নিয়ে গ্রামের পাড়াগুলো রাতভর পাহারা দিয়ে চলেছে। একেক দলে ১০ থেকে ১৫ জন করে গ্রামবাসী রয়েছে।গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা রেজাউল হোসেন (৩৫) বলেন, ‘ডাকাইতের হাতের থ্যা বাঁচার জন্নে আমিও পাহারা দেই। তিন রাইত পরপর আমার পাহারা দেওয়ার পালা আসে। এত পাহারার পরেও ডাকাইতের ভয়ে রাইতে ঠিকমতো কারও ঘুম আসে না।’আবদুল বাতেন ও আবদুল লতিফের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ি দুটি লোকশূন্য অবস্থায় পড়ে আছে। দুই বাড়ির সব কটি ঘরেই তালা। আবদুল বাতেনের ভাই মীরণ (৩৫) বলেন, ‘ডাকাতের হাতে আমার বড় ভাই নিহত হওয়ার পর আমাদের বাড়ির লোকজন ভয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। বাড়ি দেখতে দুই দিনের জন্য গ্রামে এসে অন্যের বাড়িতে রাত কাটাচ্ছি।’বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, নতুনভারেঙ্গা গ্রামে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে ইতিমধ্যেই ধরা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এ ছাড়া এলাকার লোকজনও গ্রামে পাহারা দিচ্ছে।