ডাকাতের মারধরে আহত ব্যবসায়ীর মৃত্যু
সাতকানিয়া উপজেলার ডলু সেতু-বাঁশখালী সড়কের কাঞ্চনা কাজীর মসজিদ এলাকায় গত বৃহস্পতিবার রাতে ডাকাত দলের অস্ত্রের আঘাতে আহত ব্যবসায়ী আবদুল কাদের ওরফে মনির (৫৮) শুক্রবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মনির সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ডিলারপাড়া এলাকার মৃত ছৈয়দুর রহমানের ছেলে।
মনিরের ছেলে আবদুল গফুর জানান, তাঁর বাবাসহ পাঁচজন চট্টগ্রাম নগর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সাতকানিয়ার বাড়িতে আসার পথে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ডলু সেতু-বাঁশখালী সড়কের কাঞ্চনা কাজীর মসজিদ এলাকায় পৌঁছালে ওখানে ডাকাত দলের দেওয়া ব্যারিকেডে আটকা পড়েন৷ পরে ডাকাত দল সড়কের পাশ থেকে উঠে এসে যাত্রীদের মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতদের বন্দুকের আঘাতে মনির গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন৷ পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।