ডাকাতের রসিকতা!
‘চাচি, আফনার ঘরো ভালায় ভালায় কাম (ডাকাতি) শেষ করছি। অখন (এখন) লাগাবাড়ি যাইমু। আফনে হজ্ব করি আইছইন (এসেছেন), আল্লায় আফনার দোয়া কবুল করবা (করবেন)। বিপদো না পড়ি অর লাগি (এ জন্য) আমরার মাথাটা একটু আতাইয়া (হাত বুলিয়ে) দেউকা।’ ডাকাতি শেষে এক ডাকাত এভাবেই রসিকতা করেন বলে জানান বৃদ্ধা সন্তই বিবি।সিলেটের ফেঞ্চুগঞ্জের শরিফগঞ্জ গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী সাঈদ আলীর বাড়ি ডাকাতি করে ফিরে যাওয়ার সময় অস্ত্রধারী ডাকাতেরা স্বর্ণালংকারসহ আট লাখ টাকার মালামাল লুট করে সাঈদের বৃদ্ধা মা সন্তই বিবির (৭৫) কাছে দোয়া কামনা করেন। এর আগে ডাকাতেরা ঘরের ফ্রিজে রাখা ডিম সিদ্ধ করে খায়। পরে ডাকাত দলটি পাশের পশ্চিম ফুলবাড়ি গ্রামের দুবাইপ্রবাসী নানু মিয়ার বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামের লোকজন ছুটে আসে। এর আগেই ডাকাতেরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহামঞ্চদ সহিদুর রহমান জানান, অপরাধীদের পাকড়াও করতে পুলিশের তৎপরতা চলছে।