ডাকাতের সঙ্গে গোলাগুলিতে ওসিসহ আহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার টিলাবাড়ি এলাকায় একদল ‘ডাকাতের’ সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। এতে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে।
আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের ১০ জন সদস্য রয়েছেন। তাঁরা হলেন বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান, পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন, উপপরিদর্শক অমিতাভ দাশ তালুকদার, আনোয়ার উল্লাহ, দেবাশীষ সূত্রধর ও ধ্রুবেশ চক্রবর্তী, কনস্টেবল আজগর আলী, আতাউর রহমান, শহীদুর রহমান ও কামিল আহমদ। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
আহত বাকি সাতজন ডাকাত দলের সদস্য। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার যাদবপুরের জিতু মিয়া (৪২) ও হরিচন্দ্রপুরের আবদুল খালিক (৩৭); মাধবপুর উপজেলার কালীনগরের আসিক ওরফে মাসুদ (৩৫), শিবপুরের খলিলুর রহমান (২৩), সাতপারিয়ার জাহাঙ্গীর (২৫) ও কামাল (৩৬) এবং এখতিয়ারপুরের নুরু মিয়া (২৮)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ১৫-১৬ জনের একটি দল দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের টিলাবাড়ি গ্রামের ধনু মিয়ার বাড়িতে ডাকাতির জন্য ঢুকে পড়ে। খবর পেয়ে পুলিশ চার ভাগে ভাগ হয়ে বিভিন্ন রাস্তা দিয়ে ওই বাড়ির দিকে যায়। পুলিশকে বহনকারী একটি মাইক্রোবাস ওই বাড়ির সামনে গেলে ডাকাতেরা গুলি করে। এতে মাইক্রোবাসের কাচ ভেঙে যায়। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। ডাকাতদের কয়েকজন গুলি করতে করতে পালিয়ে যায়। দুই পক্ষের গোলাগুলিতে গ্রামের লোকজন জেগে ওঠেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ আহতাবস্থায় সাত ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের ১০ সদস্য আহত হন। পুলিশ ডাকাতদের কাছ থেকে দুটি ছোরা, চারটি রামদা, একটি দা, একটি সিটকিনি ভাঙার যন্ত্র, বন্দুকের চারটি গুলি ও পাঁচটি মুঠোফোন উদ্ধার করেছে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘আমার কোমরে ছররা গুলি লেগেছে। ওসি তদন্তেরও হাতে ব্যান্ডেজ লেগেছে। গ্রেপ্তার হওয়া ডাকাতদের মধ্যে পেশাদার ও জেল খাটা ডাকাত রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর আক্রমণের মামলা হবে।’