ডাকাতের সঙ্গে গোলাগুলি, পুলিশের ১১ সদস্য আহত
সুনামগঞ্জের ছাতকে পুলিশ ও ডাকাতের গোলাগুলি হয়েছে। এতে ১১ পুলিশ সদস্য ও এক ‘ডাকাত’ আহত হয়েছেন। গুরুতর আহত ওই ‘ডাকাত’কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও চারটি ককটেল উদ্ধার করেছে।
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের বোকারভাঙা এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের পাঁচজনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশের ভাষ্য মতে, গত ১৫ দিনে ছাতক উপজেলায় অন্তত ১০টি ডাকাতির ঘটনা ঘটে। রোববার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার নওধার গ্রামের ডাকাত রাজু মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়। রাজু একাধিক ডাকাতি মামলার আসামি। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ছাতক থানার একদল পুলিশ রাজুকে নিয়ে তাঁর সহযোগীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযানে বের হয়। পুলিশের দল ভোর চারটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের বোকারভাঙা এলাকায় পৌঁছালে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ডাকাতেরা। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়তে থাকে। গোলাগুলিতে ডাকাত সদস্য রাজু এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১১ পুলিশ সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন ওসি শাহজালাল মুন্সি, উপপরিদর্শক (এসআই) মঞ্জুর মুর্শেদ, নাজমুল হাসান, হারুন অর রশিদ, গোলাম মোস্তফা ও সাইফুল্লাহ এবং কনস্টেবল রণজিৎ, রব্বানি, মনির, এমরান ও রহিম।
ওসি জানান, রাজুর বিরুদ্ধে ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ ও বিশ্বনাথ থানায় ডাকাতির ১০টি মামলা আছে। তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে আবার ডাকাতি শুরু করেছেন। তিনি বলেন, আহত পুলিশ সদস্যরা রাবার বুলেটের আঘাত পেয়েছেন। পুলিশও পাল্টা ৩৪টি রাবার বুলেট ছুড়েছে। তবে কাউকে আটক করা যায়নি। আটকের চেষ্টা অব্যাহত আছে।