ডাকাতের হাতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মুকিমপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় গত সোমবার সন্ধ্যায় ডাকাতি মামলার আসামি আবদুল মজিদ (২৫) খুন হয়েছেন। বেলায়েত হোসেন ওরফে বস্তি বেলাল (২৭) নামের অপর এক আসামির ছুরিকাঘাতে মজিদ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে তাঁরা লাশ উদ্ধার করেন এবং গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এই ঘটনায় নিহত মজিদের স্ত্রী বাদী হয়ে বেলালের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে বেলাল পলাতক। ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আবদুল মজিদ ছিলেন থানার তালিকাভুক্ত ডাকাত। প্রায় ১৪ মাস আগে ওই এলাকায় একটি ডাকাতির প্রস্তুতিকালে মজিদ পুলিশের হাতে ধরা পড়েন। ওই সময় তিনি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তাঁর সঙ্গে একই এলাকার বাসিন্দা নূরুল ইসলামের ছেলে বেলায়েত হোসেন ওরফে বস্তি বেলাল জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দেন। যার ভিত্তিতে বেলালকেও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। দুজনই প্রায় ১৩ মাস জেল খেটে সম্প্রতি জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য মজিদকে দায়ী করেন বেলাল। এ নিয়ে তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।