
ডাকাতের হাতেই খুন হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ীর বাসিন্দা ‘ও’ লেভেলের ছাত্র বখতিয়ার লতিফ (২০)। গতকাল রোববার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এমনটাই দাবি করে জানিয়েছে, শনিবার রাতে বখতিয়ার হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।
রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত ওই ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মো. খলিল, মো. আখতার, রুস্তম আলী হাওলাদার ও জালাল উদ্দিন। এ হত্যায় জড়িত হাবিব ও স্বপন নামের আরও দুজন বর্তমানে কারাগারে। কেরানীগঞ্জে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছিলেন তাঁরা।
মনিরুল বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পেশাদার ডাকাত। তাঁদের মধ্যে খলিলই বখতিয়ারকে গুলি করেন।
ব্রিফিংয়ের সময় উপস্থিত ঘটনার প্রত্যক্ষদর্শী বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ সাংবাদিকদের জানান, তিনি ও তাঁর স্ত্রী শামসুন্নাহার গ্রেপ্তার খলিলসহ তিনজনকে শনাক্ত করতে পেরেছেন।
গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার দিকে উত্তর যাত্রাবাড়ীর বাসায় ঢুকে বখতিয়ারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ওই বাসা থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ঘটনার পর থেকে পরিবার এ ঘটনাকে ডাকাতি করতে এসে খুন বলে সন্দেহ করে। এ অভিযোগে পরদিন নিহত বখতিয়ারের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।
প্রেস ব্রিফিংয়ে মনিরুল বলেন, আসামিদের শনাক্ত করার জন্য ঘটনার পর থেকে মাঠে নামে ডিবি। আসামিদের অবস্থানের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর গত শনিবার রাতে ডিবির দুটি দল মুগদা ও যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, বখতিয়ারদের বাসায় ডাকাতির ঘটনায় মোট আটজন অংশ নেন। তাঁরা ঘটনার রাতে ট্রাকে করে ওই বাড়িসংলগ্ন সড়কে যান। ট্রাকে ছিলেন একজন। বাকি সাতজন বাসার ভেতরে ঢোকেন। তাঁদের মধ্যে খলিল অস্ত্র নিয়ে স্বর্ণালংকার লুট করার চেষ্টা করেন। এ সময় বখতিয়ার অস্ত্রটি চেপে ধরার চেষ্টা করলে খলিল গুলি চালান।
মনিরুল বলেন, কানা সাত্তার নামের একজন ডাকাত দলের একজনকে জানিয়েছিলেন, বখতিয়ারদের বাসায় ১০০ ভরি স্বর্ণালংকার আছে। এ তথ্যের ভিত্তিতে ছয় মাস ধরে তাঁরা ডাকাতির পরিকল্পনা করছিলেন। এরই অংশ হিসেবে ঘটনার কয়েক দিন আগে বখতিয়ারদের বাড়ির কুকুরকে বিষ মেশানো খাবার খাইয়ে হত্যা করা হয়।
তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত হাবিব ও স্বপন নামে দুজন ১০ অক্টোবর কেরানীগঞ্জে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েন। বর্তমানে তাঁরা জেলহাজতে আছেন।
বখতিয়ারের বাবা হত্যাকারীদের গ্রেপ্তার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিকদের বলেন, তিনি জানতে পেরেছেন, এ দলটি আগেও ডাকাতির একাধিক ঘটনা ঘটিয়েছে। তবে জামিনে ছাড়া পেয়ে গেছে। তাই ছেলে হত্যার সুষ্ঠু বিচার পাবেন কি না, তা নিয়ে তিনি শঙ্কায় আছেন।