ডাকাতের হামলায়একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে গত সোমবার ডাকাতের হামলায় গৃহকর্তা আবদুল হান্নান (৫৫) আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাতে একদল ডাকাত ওই গ্রামের হান্নানের ঘরের সামনের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় হান্নান জেগে উঠলে ডাকাতেরা তাঁকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ডাকাত দল পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে ২২ হাজার টাকা এবং দুই ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। আহত হান্নানকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শহরতলির চাঁদনীঘাট এলাকা এবং মৌলভীবাজার-কুলাউড়া সড়ক থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের শিবলু (২৮), কিশোরগঞ্জের মমিন (২৬) এবং মৌলভীবাজার সদর উপজেলার জুয়েল (২৪) ও শাহীন (২৩) নামের চারজনকে আটক করে পুলিশ।
সদর মডেল থানার এসআই মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে জানান, ওই চারজন থানা হাজতে রয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।