ডাকাতের হামলায় আহত চার
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে গত শুক্রবার রাতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মরত এক নারীকর্মীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল ওই নারীকর্মী ও তাঁর স্বামীসহ পরিবারের চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে স্বর্ণালংকার, টাকাসহ ঘরের আসবাব লুট করে নিয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিদের রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআইয়ের) নারায়ণগঞ্জ জেলা অফিসের সাঁটলিপিকার (টাইপিস্ট) হিসেবে কর্মরত শায়লা পারভীনের স্বামী আজহারুল ইসলাম জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে তাঁর নিজ বাড়ি সোনারগাঁ থানার পাশের গ্রাম জয়রামপুরে বসবাস করেন। গত শুক্রবার গভীর রাতে পাঁচ-সাতজনের একদল মুখোশধারী ডাকাত তাঁর ভবনের ফটক ও দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রথমে বাড়ির কাজের মেয়ে জামেলা খাতুনকে (৩৮) এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাঁদের রুমে ঢুকে তাঁর স্ত্রী শায়লা পারভীন ও তাঁকে কুপিয়ে আহত করে।আহত শায়লা পারভীন অভিযোগ করে জানান, তাঁদের বাড়িতে ডাকাত ঢোকার পর তিনি থানার ওসি (তদন্ত) মেজবাহউদ্দিনের কাছে সাহায্য চেয়ে দুই দফা ৪৯ মিনিট কথা বলেছেন। কিন্তু পুলিশ সাড়া দেয়নি। এ ব্যাপারে ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, শায়লা পারভীন ডাকাত ঢোকার সঙ্গে সঙ্গে মুঠোফোনে বিষয়টি তাঁকে অবগত করেছেন এ কথা সত্য। তিনি ছুটিতে থাকায় বিষয়টি সঙ্গে সঙ্গে থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেনকে ওই বাড়িতে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু বেলায়েত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হননি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, পুলিশকে জানানোর পরও ঘটনাস্থলে কেন পুলিশ যায়নি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।