মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন আবসিক এলাকার একটি বাসার লোহার গ্রিল ও দরজা কেটে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদলের হামলায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে। গত রোববার দিবাগত রাত তিনটায় এ ঘটনা ঘটে। জানা যায়, রোববার দিবাগত রাত চারটায় একদল ডাকাত কমলগঞ্জ উপজেলা প্রশাসন আবাসিক এলাকার তহশিলদার রফিকুল ইসলামের দোতলা ভবনের নিচতলার ভাড়াটে বাসার লোহার গ্রিল কেটে ও পরে দরজা ভেঙে ঘরে ঢুকে। ডাকাতদল ভাড়াটে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান ফয়সল আহমদের ঘর থেকে সাত হাজার টাকা, দুটি মুঠোফোন ও কাপড়চোপড় নিয়ে যায়। এ সময় বাসার লোকজনের চিৎকার শুনে তাঁর পার্শ্ববর্তী বাসার সহকর্মী জামাল হোসেন (৪০) ছুটে এলে ডাকাতদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফয়সল আহমদ কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অপরদিকে, একই রাতে উপজেলা সদরের চৌমুহনায় মালিক মিয়ার স্টেশনারি দোকানের দরজা ভেঙে সিগারেটের কার্টনসহ প্রায় পাঁচ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।