ডাকাতের হামলায় একই পরিবারের চারজন আহত
কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে ডাকাতেরা কুপিয়ে একই পরিবারের চারজনের জখম করেছে। গত শুক্রবার দিবাগত রাতে ওই গ্রামের জাফর আলী খানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আরও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন গৃহকর্তা জাফর আলী খান (৭০), তাঁর স্ত্রী রোকেয়া নেছা (৬৫), ছেলে আবুল হোসেন খান (৪১) ও মন্টু মিয়া খান (৩২)। এঁদের মধ্যে আবুল হোসেন ও মন্টু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাফর আলী খান ও রোকেয়া নেছাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জাফর আলী খান বলেন, গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মাছিমপুর গ্রামের তাঁর ঘরে ঢোকে একদল ডাকাত। এ সময় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাফর আলীসহ তাঁর পরিবারের চারজনকে জখম করে। এরপর তারা টাকা, মুঠোফোন, স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এরপর ডাকাতেরা জাফর আলীর প্রতিবেশী হক মিয়ার বাড়িতেও ডাকাতি করে।