ডাকাতের হামলায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলায় ডাকাতের হামলায় আহত রেজিয়া বেগম (৪৮) গতকাল বৃহস্পতিবার মারা গেছেন। এ ছাড়া ডাকাতের হামলায় রেজিয়ার পরিবারের আরও ছয়জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ডাকাত সন্দেহে এলাকাবাসী এক ব্যক্তিকে পিটুনি দিয়েছে।এলাকাবাসী জানান, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালীয়া গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে ডাকাতেরা হানা দেয়। এ সময় তাদের হামলায় রেজিয়াসহ সাতজন আহত হন। সিরাজুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, ওই দিন রাতে সাত-আটজন ডাকাত দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা ঘরে ঢুকেই সবাইকে ছুরি ও দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের হামলায় সিরাজুল, তাঁর স্ত্রী রেজিয়া, তাঁদের সন্তান মুক্তার হোসেন, আক্রাম হোসেন, আসমা বেগম, নাসিমা বেগম ও তামান্না বেগম আহত হন। রাতেই তাঁদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রেজিয়া, আসমা, নাসিমা ও তামান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল দুপুরে রেজিয়ার মৃত্যু হয়। ঘটনার পর নারায়ণপুরের অদূরে জনতা এক ব্যক্তিকে ধরে ডাকাত সন্দেহে পিটুনি দেয়। তাঁকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে চিকিত্সাধীন মুক্তার হোসেন বলেন, ‘ডাকাতেরা হানা দেওয়ার সময় আমি সজাগ ছিলাম, তবে বুঝে উঠতে পারেনি। আলমারি ভেঙে তারা ১২ ভরি স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে।’রেজিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বেলাব থানার উপপরিদর্শক (এসআই) জি এম আশরাফ বলেন, ‘এলাকাবাসী ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটুনি দিয়েছে। আমাদের ধারণা, ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য।’