ডাকাতের হামলায় নারীসহ আহত ৪
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামের আবুল বাসারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।
গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতেরা এ সময় পরিবারের নারী-পুরুষসহ চারজনকে কুপিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আহত ব্যক্তিরা হলেন হেদায়েত উল্যা মুন্সী (২৮), মমতাজ বেগম (২২), মো. ইউসুফ (২৮) ও রহিমা খাতুন (১১)।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রাতেই নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম পারভেজ সাংবাদিকদের জানান, ঘটনার পরই বিষয়টি থানার পুলিশকে অবহিত করা হয়েছে।
হেদায়েত উল্যা মুন্সীর ছোট ভাই মো. মাসুদ জানান, সোমবার রাত ১২টার দিকে ১৫-২০ জনের একদল মুখবাঁধা ডাকাত তাঁদের বাড়িতে হানা দেয়। এ সময় চিৎকার দিলে ডাকাতেরা তাঁর বড় ভাই হেদায়েত উল্যা মুন্সীকে কুপিয়ে আহত করে। এরপর ঘরের বিভিন্ন কক্ষে ঢুকে আরও তিনজনকে কুপিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলমের মুঠোফোনে ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরে একই বিষয়ে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিষ্কৃৃতি চাকমা প্রথম আলোকে বলেন, ওসি তাঁকে জানিয়েছেন, ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। নারীসংক্রান্ত বিষয় নিয়ে সামান্য ঝামেলা হয়েছে। কিন্তু এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।