ডাকাতের হামলায় নিহত ৩
লক্ষ্মীপুরের কমলনগর ও পাবনার সাঁথিয়ায় গত শনিবার দিবাগত রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। এসব স্থানে ডাকাতের হামলায় গৃহবধূসহ তিনজন নিহত ও ১৩ জন আহত হন।কমলনগরের চরবসু গ্রামের শামছুদ্দিনের বাড়িতে ডাকাতির সময় চিৎকার শুরু করলে ডাকাতের হামলায় শামছুদ্দিন (৬৫), তাঁর স্ত্রী আমির জান (৫০), ছেলে নাছির উদ্দিন (৩৫), আবদুল কাদের (৩০), মো. হেলাল (৩২), নাতি সালমা বেগম (২০), মেয়ে জান্নাত বেগম (২০) এবং কাদেরের স্ত্রী সালমা আক্তার (১৫), নাছিরের স্ত্রী উম্মে হাবিবা, হাফেজা আক্তার (২২) আহত হন। তাঁদের মধ্যে মাদ্রাসাশিক্ষক আবদুল কাদের ঘটনাস্থলেই এবং ঢাকা নেওয়ার পথে নাছির উদ্দিন মারা যান। বাকি আটজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাকাতেরা নগদ টাকা, তিন ভরি স্বর্ণালংকার এবং তিনটি মুঠোফোনের সেটসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) পরিতোষ ঘোষ গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন। সাঁথিয়ার জোড়গাছা গ্রামে সুশীল কুমার সরকার নামের এক স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর স্ত্রী ঈলা রানী সরকারকে (৫০) হত্যা করে। এ সময় স্কুলশিক্ষক সুশীল কুমার (৫৬), ছেলে অপুু কুমার (২২), ছোট ভাই সুনীল কুমার (৪৫), ভাতিজা অনু কুমার সরকার (৩০) ও রিংকু কুমার (২৫) আহত হয়েছেন। তাঁদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে মুঠোফোনের তিনটি সেটসহ ১০-১৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।