ডাকাতের হামলায় বাবা নিহত, ছেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় ডাকাতদের হামলায় এক গৃহকর্তা নিহত ও তাঁর ছেলে আহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে উপজেলার কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহকর্তা রুস্তুম আলী হাওলাদার (৮৫) কুমারখালী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সাবেক শিক্ষক। তাঁর আহত ছেলের নাম গোলাম মোস্তফা (৩৫)। তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রুস্তুম আলীর বড় ছেলে শহিদুল ইসলামের স্ত্রী সাহিদা বেগম জানান, সোমবার গভীর রাতে আট থেকে ১০ জন ডাকাত জানালা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিমিঞ্চ করে লুটপাট চালাতে থাকে। এ সময় বাধা দিলে ডাকাতেরা গৃহকর্তা কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক রুস্তুম আলী ও তাঁর ছেলে গোলাম মোস্তফাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরিবারের সদস্যরা তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রুস্তুমকে মৃত ঘোষণা করেন। সাহিদা বেগম দাবি করেন, ডাকাতেরা আলমারি ভেঙে টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘বিষয়টি ডাকাতি না জমিজমা নিয়ে বিরোধ, তা আমরা খতিয়ে দেখছি। হত্যাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’