ডাকাত-আতঙ্কে গ্রামবাসীর রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের নয়টি গ্রামের মানুষ ডাকাত–আতঙ্কে গত শুক্রবার রাত জেগে পাহারা দেন। তবে পুলিশ বলছে, ঘটনাটি গুজব।
ইউনিয়নের ছুটি ভাটবাউর গ্রামের চান মিয়া, পিতলাই গ্রামের আজিজ শিকদার ও দিঘী গ্রামের বাদল হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রৌহাদহ গ্রামে একদল সশস্ত্র ডাকাত ঢুকেছে—এমন খবরে গ্রামবাসীকে সজাগ হতে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর একে একে অন্য আটটি গ্রামের মসজিদের মাইকে একই ঘোষণা দেওয়া হয়। এ সময় এসব গ্রামের লোকজন টর্চলাইট ও লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে পড়েন। তাঁরা সারা রাত জেগে পাহারা দেন। তবে ডাকাত দলের কাউকে পাওয়া যায়নি।
শুক্রবার রাত একটার দিকে দিঘী ও ছুটি ভাটবাউর গ্রামের তরুণ, যুবক ও বৃদ্ধদের লাঠিসোঁটা নিয়ে পাহারা দিতে দেখা যায়। এ সময় এক গ্রাম থেকে জোরে জোরে হাঁকডাক দেয় একদল পাহারাদার। সঙ্গে সঙ্গে অন্য গ্রামগুলো থেকেও হাঁকডাক দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এটি গুজব। তবে ডাকাতির ঘটনা বন্ধে সবাইকে সজাগ থাকতে হবে।