ডাকাত' সন্দেহে পুলিশের গাড়ি ঘেরাও, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি ধরতে পুলিশের একটি দল যুক্তরাষ্ট্র-প্রবাসী এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাত সন্দেহে ওই বাড়ির লোকজন চিৎকার দিলে এলাকাবাসী দা ও লাঠিসোঁটা নিয়ে ওই দলকে ঘেরাও করে।

এলাকাবাসী এ সময় পুলিশ বহনকারী মাইক্রোবাস ভাঙচুর এবং গাড়ির চালক ও পুলিশের দুজন সোর্সকে মারধর করে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। গত মঙ্গলবার দিবাগত রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জান গেছে, ওই গ্রামের বাসিন্দা আবদুল আজিজ ছোট বোনের বিয়ে দেওয়ার জন্য ঈদের দুই দিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে পার্শ্ববর্তী কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এক আসামিকে গ্রেপ্তার করতে আজিজের বাড়িতে যায়। এ সময় পুলিশের ওই কর্মকর্তা নিজের পরিচয় দিয়ে কলাপসিবল ফটকের তালা খুলে দেওয়ার জন্য ডাকাডাকি শুরু করেন। তখন আজিজের পরিবারের সদস্যরা ‘ডাকাত’ বলে চিৎকার দিলে দা ও লাঠিসোঁটা নিয়ে শতাধিক এলাকাবাসী পুলিশের ওই দলকে ঘিরে ফেলে। তারা পুলিশের ব্যবহূত মাইক্রোবাসটি ভাঙচুর এবং গাড়ির চালক ও পুলিশের দুজন সোর্সকে মারধর করে।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই নাজমুল হক বলেন, ‘কুলাউড়ার বরমচাল এলাকার শাকিল নামের এক ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির অভিযোগে দ্রুত বিচার আইনে থানায় মামলা রয়েছে। ওই আসামির ভগ্নিপতি হলেন আজিজের ছোট ভাই আয়াজ উদ্দিন। শাকিল আয়াজদের বাড়িতে আশ্রয় নিয়েছেন—এ রকম তথ্যের ভিত্তিতে আমরা তাঁকে গ্রেপ্তার করতে ওই বাড়িতে যাই। পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।’

আজিজের ছোট ভাই স্কুলশিক্ষক আয়াজ উদ্দিন গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরিবারের কারও বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে শাকিল ঈদের পরদিন আমাদের এখানে বেড়াতে আসে। পরে সে বাড়ি চলে যায়। তাঁর বিরুদ্ধে মামলা আছে কি না, তা আমার জানা নেই।’

গতকাল বিকেল পাঁচটার দিকে জুড়ী থানার ওসির মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন ফোনটি ধরে বলেন, ‘লোকজন ডাকাত সন্দেহে পুলিশের ওপর চড়াও হয়। পরে ভুল বোঝাবুঝির অবসান হয়।