ডাকের গাড়িতেও নারী চালক

এখন থেকে ডাক বিভাগের ‘মেইল গাড়ি’ চালাবেন নারীরাও। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গতকাল রোববার ঢাকার ডাক ভবন চত্বরে এক অনুষ্ঠানে ১০ জন নারী চালকের হাতে ১০টি মেইল গাড়ির চাবি তুলে দেন।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ডাকের গাড়ির চালকের আসনে বসলেন নারীরা। আপাতত ঢাকার মধ্যে গাড়ি চালাবেন। পর্যায়ক্রমে সারা দেশে নারীরা গাড়ি চালাবেন।
‘ডাক পরিবহনব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের অংশ হিসেবে ডাক বিভাগের জন্য ১১৮টি যান কেনা হবে। নিয়োগ দেওয়া চালকের মধ্যে ২০ শতাংশ নারী চালক নেওয়া হবে।
নারী চালক নিয়োগের বিষয়টিকে ডাক বিভাগের জন্য নতুন অধ্যায়ের সূচনা বলে উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি অনুষ্ঠানে বলেন, ডাক বিভাগের ডাক পরিবহনব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের অধীনে নতুন যোগ হতে যাওয়া ১১৮টি যানবাহনের মধ্যে ২০ শতাংশ চালক থাকবেন নারী। আপাতত ডাক গাড়ির বহরে ১৯টি যানবাহন যুক্ত হয়েছে। এটা সাফল্যের একটুখানি ঝলক। পর্যায়ক্রমে ডাক বিভাগের আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় সব কাজ বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।