নীলফামারীর নিভৃত এক পল্লিতে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারের মতো স্থাপনা দেখতে ভিড় জমিয়েছে লোকজন। দূর-দূরান্ত থেকে আসা মানুষ মুগ্ধ দৃষ্টিতে দেখছে পাকিস্তানি হানাদার জেনারেল নিয়াজি ও তাঁর সৈন্য-সামন্তের আত্মসমর্পণের সেই দৃশ্য।সদর উপজেলার খলিশা পচা গ্রামে ডাকো সাধুর বাড়িতে লোকজনের এমন ভিড় প্রায়ই চোখে পড়ে। সবাই এ বাড়িতে আসে বাঁশের তৈরি বিভিন্ন স্থাপনার নমুনা, ফুল, পাখি, জন্তু-জানোয়ার দেখতে। নিভৃত পল্লির এক কোণে এ যেন কুটিরশিল্পের ছোট্ট এক জাদুঘর। এসবের কারিগর ধনঞ্জয় রায় (৭২)। ডাকো সাধু নামে মানুষ তাঁকে চেনে।বয়সের ভারে হাত তাঁর আগের মতো চলে না। কিন্তু বাঁশের পাতলা ফালি হাতে উঠলেই সেগুলোকে বাঁকিয়ে-চুড়িয়ে নিজের বশে নিয়ে আসেন। ফালিগুলো দিয়ে অভ্যস্ত হাতে বুনে চলেন ডাকো সাধু। কখনো সে বাঁশের ফালির নৌকা, মাঝি-মাল্লা, গাঁয়ের বধূ, কুমির, হরিণ, বাঘ, ফুল, পাখির অবয়ব পায়। ৪০ বছর ধরে বাঁশের এ শিল্পকর্মের কাজ করে চলেছেন তিনি। তাঁর হাতের শিল্পকর্ম শৌখিন মানুষের ঘরে শোভা পায়। কেউ কেউ ডেকে নিয়ে যান নিজ বাড়িতে। তাদের রুচিমতো জিনিস গড়ে দেন ডাকো সাধু। তাঁর তৈরি কুটিরশিল্পে নান্দনিক রূপ পায় মানুষের বৈঠক কিংবা বসার ঘর। অন্যের ঘরের রূপ ফেরালেও নিজের ঘরের দৈন্য কিন্তু ঘুচাতে পারেননি নিভৃতাচারী এ মানুষটি। নীলফামারী ডেনিশ লেপ্রসি মিশনের বাইরের বৈঠকখানার কাজ তিনি করেছেন। সেবার বিদেশিদের কাছে বেশ সুনাম কুড়িয়েছিলেন। ডাকো সাধু বলেন, ‘পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদের বৈঠকখানার কাজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনের পুকুরপাড়ের হাওয়াখানা, ঘরের ছাদ আমার হাতে সাজানো। এ ছাড়াও শহরের অনেক বাড়িতে আমার হাতের কাজ আছে।’ঐতিহাসিক যেসব স্থাপনার খুদে আকৃতি আপনি তৈরি করেছেন, এর সবই কী দেখেছেন—এমন প্রশ্নের জবাবে ডাকো সাধু বলেন, ‘অনেক কিছুই দেখিনি। কিছু দেখেছি, কিছু কাগজেপত্রে বা টেলিভিশনে দেখেছি। তারপর মনের তুলিতে রাঙিয়ে হাতে গড়েছি।’নীলফামারী শহর থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে পাকা সড়ক ধরে এগোলে খোকশাবাড়ি ইউনিয়নের হালির বাজার। সেখান থেকে উত্তরে প্রায় দেড় কিলোমিটার যেতে হবে। স্থানীয় কাউকে ডাকো সাধুর নাম জিজ্ঞেস করলে অনায়াসেই বাড়ি যাওয়ার পথ বাতলে দেবে। বাড়িতে গিয়ে দেখা গেল, বয়সের ভারে নুইয়ে পড়া মানুষটি বাঁশ কেটে পাতলা ফালি বের করছেন। কথা বলে জানা গেল, তাঁর তিন ছেলে। বড় ছেলে সুভাষ চন্দ্র রায় (৪৫) এ কাজ শিখে এখন তাঁকে সহযোগিতা করছেন। মেজো ছেলে প্রদীপ মুড়ির ব্যবসা করেন, আর ছোট ছেলে চিত্তরঞ্জন রায় (৩২) রাজমিস্ত্রির কাজ করেন। মেজো ছেলের সঙ্গে থাকেন ডাকো সাধু আর তাঁর স্ত্রী সুন্দরী বালা (৬৫)।পরিবারের আয় বলতে ছেলের মুড়ির ব্যবসা আর ডাকো সাধুর শিল্পকর্ম বিক্রির টাকা। হতাশ কণ্ঠে ডাকো সাধু বলেন, ‘৪০ বছর ধরে এ কাজ করে আসছি। অনেককে শেখাতে চাইছি। কিন্তু এ কাজে মজুরি কম হওয়ায় কেউ আসতে চায় না। অনেক বড় মানুষ আমাকে দিয়ে কাজ করিয়েছেন। কিন্তু দিন-হাজিরার চেয়ে বেশি মজুরি কেউ দেয়নি।’ আক্ষেপের সুরে তিনি আরও বলেন, ‘বাড়িতে বসে অনেক জিনিস বানাই। কিন্তু যে দাম পাই তাতে বাঁশের দাম বাদ দিলে মজুরি বলতে আর তেমন কিছুই থাকে না।’ছেলে প্রদীপ বলেন, ‘বাবা লেখাপড়া না জানলেও লিখে দিলে সেটা তিনি বাঁশের কাঠি তৈরি করে নিখুঁতভাবে লিখতে পারেন। ঘর সাজাতে ফুলদানিসহ যা কিছু যেভাবে চাইবেন, বাবা সেভাবে বানিয়ে দেবেন।’বাঁশের এসব শিল্পকর্ম দেখতে আসা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার স্মৃতি কণা রায় (২০) বলেন, ‘আমার এক আত্মীয়ের মুখে শুনে আজ নিজের চোখে দেখতে এসেছি।’ পলাশবাড়ী গ্রামের স্কুলশিক্ষক ছারা রাণী বললেন, ‘সবাই আসছে, তাই আমিও আসলাম। দেখে খুব ভালো লাগছে। পরে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আসব।’পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমতাজ আলী প্রামাণিক বলেন, ডাকো সাধুর নামডাক সব জায়গায় আছে। তিনি বাঁশের কাজ এত নিখুঁতভাবে করেন, যা না দেখলে বিশ্বাস করা যায় না। তিনি আরও বলেন, ‘শুধু পুঁজির অভাবে তাঁর শিল্পের বিকাশ ঘটছে না।’