ডাক্তার হওয়ার পথে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলমগীর হোসোন
আলমগীর হোসোন

দিনমজুর মজিবর রহমান কয়েক দিন ধরে কাজে যান না। বাড়িতেই শুয়েবসে থাকেন সারা দিন। তাঁর ছেলে আলমগীর হোসেন যে এবার মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন। কিন্তু সুযোগ পেলেই তো হবে না, ভর্তির টাকা কোত্থেকে জোগাড় হবে—এ চিন্তা তাঁর মাথায় ঘুরছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে আলমগীরদের বাড়িতে গিয়ে জানা গেল, তাঁর বাবা ও মা অন্যের জমিতে কাজ করেন। ছেলের মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার কথা শুনে আলমগীরকে দেখার জন্য বাড়িতে সারাক্ষণ মানুষের যাতায়াত লেগেই আছে।
মজিবর রহমানের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে আলমগীর ছোট। বড় ভাই আবু সাঈদ রাজমিস্ত্রির জোগালি দিয়ে দেড় শ টাকা আয় করেন। বোন নূরবানু আক্তার ঢাকার একটি গার্মেন্টসে কাজ করে পড়ার কিছু খরচ দিতেন। সম্প্রতি বিয়ে হওয়ায় বোনও আর টাকা দিতে পারছেন না। এখন সংসার চলছে বৃদ্ধ মা-বাবার দিনমজুরির টাকা আর বর্গা নেওয়া জমির সামান্য আয় দিয়ে।
আলমগীর বলেন, ‘আমি দশম শ্রেণিতে স্কুলের পরীক্ষায় “জীবনের লক্ষ্য” শীর্ষক রচনায় লিখেছিলাম, চিকিৎসক হয়ে আমাদের মতো গরিব ও দুস্থ মানুষের বিনা পয়সায় চিকিৎসা করব। আল্লাহ সত্যিই আমার কথা শুনেছেন।’