ডাক্তারি পরীক্ষা ছাড়াই ধর্ষণ মিথ্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলা গ্রহণ করেনি পুলিশ। এজাহার জমা দেওয়ার এক দিনের ব্যবধানে অভিযোগকারীর কোনো মেডিকেল পরীক্ষা না দেখে মামলাটি ‘মিথ্যা’ আখ্যা দেয় পুলিশ। শুধু তাই নয়, অতি উত্সাহী হয়ে আদালতের অনুমতি ছাড়াই কথিত মিথ্যা এজাহারের সাক্ষী হওয়ায় এক দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের ও ওই দিনই তাঁদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের চরপাচুরিয়া গ্রামে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্ষণের অভিযোগে গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নারী (৩৫) ৬ ফেব্রুয়ারি থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, একই গ্রামের মো. আহাদ মোল্লা ৪ ফেব্রুয়ারি দুপুরে বাড়িতে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে ওই নারীর শ্লীলতাহানি ঘটান। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ। অভিযোগকারীর কোনো শারীরিক পরীক্ষা ছাড়াই ৭ ফেব্রুয়ারি ঘটনাটি ‘সাজানো’ দাবি করে মিথ্যা মামলার প্ররোচনা দেওয়ার দায়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম দুই সাক্ষী মো. ইব্রাহিম ফকির (৩৪) ও তাঁর স্ত্রী হেমেলা বেগমের (২৬) বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়েরে প্ররোচনা দেওয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই দিনই আদালতের মাধ্যমে ওই দম্পতিকে জেলহাজতে পাঠানো হয়। ওই দম্পতি অভিযোগকারীর চাচাতো ভাই ও ভাবি। তাঁদের তিন ছেলের মধ্যে সর্বকনিষ্ঠ জিহাদের বয়স মাত্র দুই বছর। মায়ের কাছে যাওয়ার জন্য নাওয়া-খাওয়া ভুলে সারাক্ষণ কান্নাকাটি করায় জিহাদকে সামাল দিতে হিমশিম খাচ্ছেন ওই দম্পতির স্বজনেরা।সরেজমিনে আহাদ মোল্লার বাড়িতে গেলে তাঁর স্ত্রী মোমেনা বেগম বলেন, ‘আমার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর আমরা হাতেপায়ে ধরে ইব্রাহিম ও তাঁর স্ত্রীকে ঘটনাটি মিটমাট করে দিতে বলেছিলাম। এ জন্য তাঁকে পাঁচ হাজার টাকাও সেধেছিলাম, কিন্তু তিনি টাকাও নেননি, মীমাংসাও করে দেননি।’ ধর্ষণের অভিযোগ তদন্তকারী থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মো. ওহিদুজ্জামান দাবি করেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি তাত্ক্ষণিকভাবে এলাকায় গিয়ে ঘটনাটি সাজানো বলে জানতে পারি। এ কারণে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা বা তাঁর অন্য স্বজনের সঙ্গে যোগাযোগ করিনি।’পুলিশের দায়ের করা মামলায় আসামিপক্ষের আইনজীবী অলোকেশ রায় জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মামলা করতে আদালত বা ট্রাইব্যুনালের পূর্বানুমতির দরকার। কিন্তু এটা না মেনেই অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে এই মামলা করা হয়েছে। আর আসামিদের দুগ্ধপোষ্য বাচ্চার বিষয়টি আদালতের নজরে আনার প্রয়োজনও বোধ করেনি পুলিশ। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাকির হোসেন বলেন, সরকারি কৌঁসুলির (পিপি) পরামর্শেই পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার আসামি দম্পতির দুগ্ধপোষ্য শিশু রয়েছে, তা তাঁরা প্রথমে জানতে পারেননি। ফরিদপুরের পিপি মো. খসরুজ্জামান জানান, ‘ওসি আমার কাছে জানতে চেয়েছিলেন, এ মামলা তিনি করতে পারেন কি না। আমি তাঁকে বলেছি, করা যায়। তবে এ ব্যাপারে যে আদালতের পূর্বানুমতি নিতে হয়, তা ওসির না জানার কথা নয়।’