ডাঙার গাড়ি জলে...
তীরের আগে থেমে গেছে যাত্রী পারাপারের জেটি। একটু দূরে নদীতে নোঙর করে আছে সি-ট্রাক ও যাত্রীবাহী নৌকা। যাত্রীরা সেতু থেকে নেমে কাদা মাড়িয়ে উঠছেন নৌকায়। মহিলা-শিশুসহ অনেকে কাদা-পানি থেকে বাঁচতে চড়ে বসেছেন ভ্যানগাড়িতে। ভ্যানগাড়ি পানি মাড়িয়ে যাত্রীদের তুলে দিচ্ছে নৌকায়। এবার নৌকা থেকে আবার সি-ট্রাকে উঠছেন যাত্রীরা।
গত মঙ্গলবার সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটে অবস্থান করে দেখা গেছে এই চিত্র। প্রায় এক বছর আগে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে আসা-যাওয়ার নৌপথ গুপ্তছড়া-কুমিরা ঘাটের দুই প্রান্তে জেটি নির্মাণ হলেও পুরো কাজে আসছে না। ফলে যাত্রীদের ভোগান্তিও কমছে না।
সরেজমিন দেখা যায়, সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে জেটির কিছু অংশ ভেঙে পড়েছে। ফলে সি-ট্রাক বা নৌকা কোনোটিই ভিড়তে পারছে না জেটিতে। কয়েক শ মিটার জেটি না থাকায় যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। বিশেষ করে নদীতীর থেকে যাত্রীবাহী জলযানে উঠতে মহিলা ও শিশুদের কষ্টের শেষ নেই।
গত মঙ্গলবার এই পথে চট্টগ্রাম শহরে যাচ্ছিল সন্দ্বীপের মজিবুর রহমান একাডেমির পঞ্চম শ্রেণীর ছাত্র মো. শাহীন। কষ্ট হচ্ছে জিজ্ঞেস করলে কোনো জবাব এল না শাহীনের কাছ থেকে। তবে কিছুক্ষণ পর সে জানায়, ভাইয়া, মাথা ঘুরাচ্ছে।
গুপ্তছড়া ঘাটের মতো কুমিরা জেটিতেও সি-ট্রাক ভিড়ছে না। ফলে যাত্রীদেরও নৌকায় করে তীরে নামতে হচ্ছে।
যাত্রীরা জানালেন, চট্টগ্রাম ও সন্দ্বীপের মধ্যে আসা-যাওয়ার আটটি নৌপথে দিনে চার থেকে পাঁচ হাজার মানুষ আসা-যাওয়া করে। এর মধ্যে চট্টগ্রামের সদরঘাট থেকে সন্দ্বীপের হরিশপুর নৌপথে অনিয়মিতভাবে একটি জাহাজ চলাচল করছে। জরুরি প্রয়োজনে এবং কম সময়ে চট্টগ্রাম শহরে বা সন্দ্বীপ উপজেলায় আসা-যাওয়ার সহজ পথ হলো কুমিরা-গুপ্তছড়া নৌপথ। এ কারণে এই পথে সবচেয়ে বেশি মানুষ আসা-যাওয়া করে।
‘আমরা সন্দ্বীপবাসী’র আহ্বায়ক মোহাম্মদ রফিকুল মাওলা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, নিম্নমানের কাজের কারণে গুপ্তছড়া অংশে জেটি ভেঙে পড়েছে। এর পরও জেটিতে সি-ট্রাক বা নৌকা না ভিড়লে মানুষের দুর্ভোগ কমবে না। জেটি বানানোর উদ্দেশ্যটাই ব্যাহত হবে।
জানা গেছে, ২০১২ সালের ২৭ ডিসেম্বর এই নৌপথের দুই প্রান্তে নির্মিত জেটি উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান। প্রায় ২৮ কোটি টাকায় দুই পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ জেটি নির্মাণ করা হয়। জেটিতে যাত্রী ওঠানামার সিঁড়িও রাখা হয়। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এই জেটি নির্মাণ করে।
উদ্বোধনের প্রায় এক বছর পর সম্প্রতি এই নৌপথে সি-ট্রাক চালু করে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা। নৌকার পরিবর্তে সি-ট্রাক চালু হওয়ায় যাত্রীদের ঝুঁকি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। কারণ, জেটি পুরোপুরি ব্যবহার করতে না পারায় এখনো পানি-কাদা মাড়িয়ে যাত্রীদের নৌকায় ওঠানামা করতে হয়।