ডাঙায় তোলা হলো হাতিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়রা গ্রামের ডোবায় পড়ে যাওয়ার পর হাতিটিকে গতকাল রশি দিয়ে বেঁধে ডাঙায় টেনে তোলেন স্থানীয় লোকজন l প্রথম আলো
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়রা গ্রামের ডোবায় পড়ে যাওয়ার পর হাতিটিকে গতকাল রশি দিয়ে বেঁধে ডাঙায় টেনে তোলেন স্থানীয় লোকজন l প্রথম আলো

ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে আসার ৪৫ দিন পর বন্য হাতিটিকে অচেতন করে তোলা হলো ডাঙায়। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে আসা হাতিটিকে গতকাল বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ীতে এলাকাবাসীর সহায়তায় ডাঙায় তোলে উদ্ধারকারী দল।
পানিতে থাকা হাতিকে অচেতন করতে বেলা দুইটায় ট্রাঙ্কুইলাইজার গান দিয়ে চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়। ডাঙায় শুইয়ে রাখা এবং রশিতে বাঁধা হাতিটি রাত নয়টার দিকে কিছুটা নড়াচড়া করছিল। একে সুস্থ করে তোলার চেষ্টা চলছিল।
ঢাকার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল এবং বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট সূত্র বলেছে, গতকাল সকাল ১০টা থেকে ১৭ সদস্যের উদ্ধারকারী প্রতিনিধিদল প্রস্তুতি নেয়। বেলা দেড়টায় বন অধিদপ্তর ঢাকার সাবেক উপপ্রধান বন সংরক্ষক তপন কুমার দে এবং ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় সরিষাবাড়ী পৌঁছান। এরপর উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামের চরে হাতিটিকে উদ্ধারে অভিযান শুরু করে তপন কুমার দের নেতৃত্বে ২০ সদস্যের দল। গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন আবু সাইদ বেলা দুইটায় হাতির শরীরে ট্রাঙ্কুইলাইজার গানের সাহায্যে চেতনানাশক ওষুধ প্রয়োগ করেন। চেতনা হারানোর আগ মুহূর্তে বেলা ২টা ২০ মিনিটে ওই গ্রামের আবদুস সালামের বাড়ির পাশে জলাশয়ে ঝাঁপ দেয় হাতিটি।
হাতিটি ধীরে ধীরে তলিয়ে যেতে থাকলে তপন কুমার দে একে উদ্ধারে স্থানীয় লোকজনকে এগিয়ে আসার অনুরোধ করেন। তখন ইউপি সদস্য মুকুল মিয়া ও সরিষাবাড়ী দর্পণ থিয়েটারের সাধারণ সম্পাদক আশরাফুল আলমের নেতৃত্বে এলাকাবাসী এগিয়ে আসেন। মুকুল মিয়া পানিতে ডুব দিয়ে হাতির পায়ে রশি বেঁধে আসেন। ওই রশি টেনে অনেক চেষ্টার পর বেলা তিনটায় হাতিকে ডাঙায় তোলা হয়।
এরপর ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান হাতির শরীরে চেতনা ফেরানোর ওষুধ প্রয়োগ করেন। এর চার পায়ে বাঁধা হয় শিকল। হাতিটি সুস্থ করে তুলতে রাত নয়টা পর্যন্ত দুজন ভেটেরিনারি সার্জনসহ ২০ সদস্যের প্রতিনিধিদল চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তখনো হাতিটি কয়ড়া গ্রামের মনো মিয়ার বাড়ির পাশে আমগাছে রশি দিয়ে বাঁধা অবস্থায় শুয়ে ছিল।
ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তা অসিম মল্লিক বলেন, দু-এক দিনের মধ্যে হাতিটিকে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। এই পার্কের ভেটেরিনারি সার্জন আবু সাইদ বলেন, চার দিন চেষ্টা করে হাতিটিকে অজ্ঞান করা সম্ভব হয়েছে।
গত ২৮ জুন হাতিটি রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম ছিন্নার চরে যায় ১৮ জুলাই। ২৭ জুলাই এটি সরিষাবাড়ী আসে। গত ১৫ দিন সরিষাবাড়ীর কামরাবাদ ও ভাটারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবস্থান করে এটি।