ডাঙায় মহাজনের তাড়া নদীতে নেই ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়াপাড়ের সৈয়দ জাফর গ্রামের জেলেবধূ নূর চেহারা (৪০)। তবে নামের মতো তাঁর চেহারায় এখন আর কোনো নূর নেই, আছে শুধু অনাহারের ছাপ।স্বামী বেল্লাল মাঝি (৫০), দুই ছেলে হাসান ও রবিউলকে নিয়ে নদীতে ইলিশ শিকার করে চলত নূর চেহারার সংসার। কিন্তু ইলিশের আকাল দেখা দেওয়ায় ও মহাজানের দাদনের তাগাদায় এখন দিশেহারা তাঁরা। পাঁচ সদস্যের পরিবার নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটছে তাঁদের।নূর জানান, একসময় তেঁতুলিয়া ও পার্শ্ববর্তী বুড়াগৌরাঙ্গ নদে জাল ফেললেই ইলিশের দেখা মিলত। তাঁর স্বামী ও ছেলেরা ইলিশ শিকার করে যা পেতেন, তা দিয়েই চলত সংসার। অনেক দিন ইলিশ শিকার বন্ধ ছিল। এনজিও থেকে ঋণ নিয়ে নতুন জাল কিনেছেন, মেরামত করেছেন নৌকা। ইলিশ বিক্রি করে শোধ করার কথা বলে মহাজনের কাছ থেকে দাদন নিয়ে এত দিন সংসার চালিয়েছেন। কিন্তু এখন ভরা মৌসুমে ইলিশের আকাল দেখা দেওয়ায় তাঁরা দিশেহারা।ওই গ্রামের আরেক ইলিশ-জেলে কালাম বলেন, ছেলে শাকিল (১১) ও তিন মেয়ের ছোট দুজন স্কুলে পড়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, কিন্তু টাকার অভাবে তুলে দিতে পারেননি। একদিকে এনজিওর কিস্তির টাকা, অন্যদিকে মহাজনের দাদন। আবার ইলিশ শিকারে গিয়ে শূন্য হাতে ফিরতে হচ্ছে। এ অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের।জেলেপল্লি সৈয়দ জাফর গ্রামের হারুন হাওলাদার জানান, এনজিও ও মহাজনের কাছ থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছেন তিনি। ইলিশ শিকার করে কিস্তি ও দাদনের টাকা শোধ করার কথা। কিন্তু ইলিশ তেমন একটা ধরা পড়ছে না। দু-একটা ধরতে পারলেও তা বিক্রি করে ধার-দেনা শোধ করতে পারছেন না। রাজ্জাক দুয়ারী জানান, পেট বাঁচানোর দায়ে বাধ্য হয়ে স্থানীয় মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছেন তাঁরা।দশমিনা সৈয়দ জাফর গ্রামের মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিকদার নজরুল ইসলাম জানান, সিডর ও আইলায় বিধ্বস্ত জেলেরা এনজিও, স্থানীয় দাদন ব্যবসায়ী ও মহাজনদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ইলিশ ধরা পড়বে—এই আশায় জেলেরা নদীতে জাল ফেলেন, কিন্তু ফিরে আসেন প্রায় শূন্য হাতে। ধার-দেনা থেকে মুক্তি পেতে জেলেদের পুনর্বাসনের আওতায় আনা উচিত।পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, নভেম্বর থেকে মে মাস পর্যন্ত জাটকা শিকার বন্ধ থাকে। তখন জেলেদের পুনর্বাসন-সহায়তা দেওয়া হয়। এখন ইলিশের মৌসুম শুরু হয়েছে। সাগর ও নদ-নদীতে ইলিশ পাওয়া যাবে। জেলেরা আবার ঘুরে দাঁড়াতে পারবেন।