ডাচ-বাংলা ব্যাংক গণিত উত্সব শুরু ১৭ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ডাচ-বাংলা ব্যাংক গণিত উত্সব ২০১৪ দেশের ২২টি অঞ্চলে অনুষ্ঠিত হবে। উত্সবের তারিখ ও ভেন্যু ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। দ্বাদশবারের মতো বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে উত্সবের পৃষ্ঠপোষক ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ও ব্যবস্থাপনায় রয়েছে ‘প্রথম আলো’।

এর আগে গত শুক্রবার থেকে সারা দেশে আঞ্চলিক গণিত উত্সব ২০১৪-এর নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ব্যাপক উত্সাহের মধ্য দিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ কার্যক্রমে অংশ নিচ্ছে।
রংপুর, ময়মনসিংহ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে রেজিস্ট্রেশন শেষ হয়েছে। প্রতিটি আঞ্চলিক উত্সবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন চলছে। এখনো যেসব অঞ্চলে নিবন্ধন চলছে সেখানে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন করা যাবে। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের বেলায় এটি প্রযোজ্য হবে। ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে, তবে নিবন্ধনের সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে।

১৭ জানুয়ারি ৮টি অঞ্চলে উত্সব
১৭ জানুয়ারি, শুক্রবার একযোগে আটটি অঞ্চলে উত্সব শুরু হবে। এ অঞ্চলগুলো হচ্ছে, রংপুর (নীলফামারী, কুড়িগ্রাম, জয়পুরহাট, লালমনিরহাট ও রংপুর), ঝিনাইদহ (মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহ), যশোর (নড়াইল ও যশোর), ফরিদপুর (মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ), ব্রাহ্মণবাড়িয়া (হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী), ময়মনসিংহ (কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ), ফেনী (লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী) এবং রাঙামাটি (রাঙামাটি ও খাগড়াছড়ি)। এর মধ্যে রংপুর জিলা স্কুল, ঝিনাইদহ ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়, যশোর জিলা স্কুল, ফরিদপুর জিলা স্কুল, ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ জিলা স্কুল, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল ও কলেজে উত্সব অনুষ্ঠিত হবে।

২৪ জানুয়ারি ৮টি অঞ্চলে উত্সব
২৪ জানুয়ারি, শুক্রবার একযোগে আরও আটটি অঞ্চলে উত্সব অনুষ্ঠিত হবে। এ অঞ্চলগুলো হচ্ছে, দিনাজপুর, বগুড়া (সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়া), বরিশাল (ঝালকাঠি, পিরোজপুর ও বরিশাল), সিলেট (সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট), কুমিল্লা (কুমিল্লা ও চাঁদপুর), চট্টগ্রাম (চট্টগ্রাম ও বান্দরবান), খুলনা (সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা) এবং নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ)। এর মধ্যে দিনাজপুর জিলা স্কুল, বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া, বরিশাল মডেল স্কুল ও কলেজ, ব্লু-বার্ড স্কুল ও কলেজ, সিলেট, কুমিল্লা জিলা স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, সেন্ট জোসেফ উচ্চবিদ্যালয়, খুলনা ও নারায়ণগঞ্জ হাইস্কুল ও কলেজে উত্সব অনুষ্ঠিত হবে।

২৫ জানুয়ারি ৫টি অঞ্চলে উত্সব
২৫ জানুয়ারি, শনিবার একযোগে পাঁচটি অঞ্চলে উত্সব অনুষ্ঠিত হবে। এ অঞ্চলগুলো হচ্ছে, ঠাকুরগাঁও (পঞ্চগড় ও ঠাকুরগাঁও), রাজশাহী (পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও রাজশাহী), পটুয়াখালী (বরগুনা ও পটুয়াখালী) এবং ভোলা ও কক্সবাজার। এর মধ্যে ইকো পাঠশালা ও কলেজ, ঠাকুরগাঁও, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ও কলেজ, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল), ভোলা ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে উত্সব অনুষ্ঠিত হবে।
১ ফেব্রুয়ারি, শনিবার ঢাকা (ঢাকা মহানগর, গাজীপুর ও মানিকগঞ্জ) অঞ্চলের উত্সব ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে উত্সব শুরু হবে সকাল সাড়ে আটটায়। পরীক্ষার সময় মুঠোফোন ব্যবহার করা যাবে না। অলিম্পিয়াডে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে আসতে হবে। পরীক্ষার হলে প্রবেশপত্র, কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে।