কুমিল্লার ‘ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল’-এর উন্নয়নে এক কোটি টাকা অনুদান দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। হাসপাতালের সম্প্রসারণ, অস্ত্রোপচার কক্ষ ও অন্যান্য সুবিধাসহ শয্যাসংখ্যা ৫০-এ উন্নীত করতে এ অনুদান দেওয়া হয়েছে।গতকাল শনিবার কুমিল্লার এরিয়া কমান্ডার ও ৩৩ ইনফেনট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম এবং ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম সাহাবুদ্দিন আহমেদ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। শেখ মো. মনিরুল ইসলাম বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের এ অনুদান দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবার আর্থিক খাতে অনন্য দৃষ্টান্ত। এ সময় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ এবং সেনা পরিবারকল্যাণ সমিতি কুমিল্লার সভাপতি বেগম রুবাব মনিরসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।